নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: তৃণমূলের বিজয় মিছিলে বাজনা বাজিয়ে ফেরার সময় রবিবার তালডাংরায় বাইক দুর্ঘটনায় এক শিল্পী মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, মৃতের নাম তপন মল্ল(৪১)। ঘটনায় বাইকের অন্য দুই আরোহী গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাঁদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক বলে পুলিস আধিকারিকরা জানিয়েছেন। মৃত ও জখমদের বাড়ি তলডাংরা থানার চাঁদুকুড়ি এলাকায়। সিমলাপালের বিধায়ক ফাল্গুনী সিংহবাবু বলেন, এদিন হাড়মাসড়া এলাকায় দলের তরফে বিজয় মিছিলের আয়োজন করা হয়। সেখানে অন্যান্যদের সঙ্গে ওই তিনজন বাজনা বাজাচ্ছিলেন। মিছিল শেষে তাঁরা এক আত্মীয় বাড়িতে গিয়েছিলেন। দুপুরের পর সেখান থেকে বাড়ি ফেরার সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিবরদা অঞ্চলের মৌলার কাছে রাস্তার পাশে থাকা একটি কালভার্টে ধাক্কা মারে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্বকে মৃতদের বাড়িতে যাওয়ার জন্য বলেছি।



