নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বড়জোড়ার চুনপোড়ার একটি কয়লা খনি সংলগ্ন এলাকার বাসিন্দাদের পুনর্বাসন নিয়ে মঙ্গলবার বৈঠকের আয়োজন করা হয়। এদিন দুপুরে বড়জোড়ার একটি সরকারি হলঘরে ওই বৈঠক হয়। সেখানে বাঁকুড়া সদর মহকুমার প্রশাসন, পুলিসের আধিকারিক ও নির্বাচিত জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খনি চালুর ফলে ক্ষতিগ্রস্ত বাসিন্দারাও এদিনের বৈঠকে যোগ দেন। বাঁকুড়া সদরের মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত অবশ্য বৈঠকে আলোচিত কোনও বিষয় নিয়ে মন্তব্য করতে চাননি। বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় বলেন, বেশ ক’বছর আগেই খনিটি চালু হয়। আগে একটি সংস্থা সেখান থেকে কয়লা উত্তোলনের দায়িত্বে ছিল। পরে অন্য সংস্থা কয়লা উত্তোলনের বরাত পায়। খনি চালু হওয়ার ফলে আশপাশের ১৮৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। সম্প্রতি প্রশাসনের তরফে প্রতি পরিবার পিছু তিনকাঠা জমি ও প্রায় সাত লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়। কিন্তু তাতে ক্ষতিগ্রস্তরা রাজি হচ্ছেন না। তাঁরা জমি ও বাড়ি তৈরির জন্য টাকার পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছেন। পাশাপাশি তাঁদের আরও দাবি, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার থেকে একজনকে চাকরি দিতে হবে। অলোকবাবু আরও বলেন, আসন্ন বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী ও বিভাগীয় মন্ত্রীদের সঙ্গে আমার দেখা হবে। ক্ষতিগ্রস্তদের মধ্যে দু’জনকে নিয়ে আমি তাঁদের সঙ্গে দেখা করার চেষ্টা করব। তাতে জট কাটবে বলে আশা করছি।



