Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়জোড়ায় বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কে নিত্য যানজট, উড়ালপুল নির্মাণের দাবি

বড়জোড়ায় বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কে নিত্য যানজট, উড়ালপুল নির্মাণের দাবি
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বড়জোড়ায় বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কে নিত্য যানজটে নাভিশ্বাস উঠছে বাসিন্দাদের। তাই দীর্ঘদিন ধরেই বড়জোড়াবাসী রাজ্য সড়কে উড়ালপুল নির্মাণের দাবিতে সরব রয়েছেন। এবার স্থানীয় তৃণমূল বিধায়কও এব্যাপারে উদ্যোগী হয়েছেন। বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন। যত দ্রুত সম্ভব উড়ালপুল তৈরি করে ভুক্তভোগীদের সমস্যার সুরাহা করার জন্য চিঠিতে জানানো হয়েছে। 
Advertisement
এব্যাপারে অলোকবাবু বলেন, বড়জোড়া চৌমাথায় সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগে থাকে। বড়জোড়া-দুর্লভপুর শিল্প করিডর ও বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়ক ধরে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। তার ফলে ওই দুই গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগস্থল কার্যত কোনও সময় ফাঁকা থাকে না। যানজটের প্রভাব চৌমাথা সহ গোটা বড়জোড়া বাজার এলাকায় পড়ে। রাস্তা অবরুদ্ধ হওয়ার ফলে দীর্ঘক্ষণ যানবাহন আটকে থাকে। অ্যাম্বুলেন্স, দমকলের ইঞ্জিনও যানজটে আটকে পড়ে। তার ফলে জরুরি পরিষেবাও থমকে যায়। সমস্যা সমাধানে বড়জোড়ায় উড়ালপুল প্রয়োজন। রাজ্য সড়কে তা তৈরির আবেদন জানিয়ে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি। তৃণমূল পরিচালিত রাজ্য সরকার বাঁকুড়ার জন্য গত ১৩ বছরে বহু উন্নয়নমূলক কাজ করেছে। উড়ালপুলও তৈরি হবে বলে আমরা আশাবাদী। 
উল্লেখ্য, কয়েকবছর আগেও বাঁকুড়া জেলায় কোনও উড়ালপুল ছিল না। ওইসময় বাঁকুড়া ও বিষ্ণুপুরে রেলগেটের জন্য যানবাহনের গতি রুদ্ধ হতো। বাঁকুড়া শহরের পাঁচবাগা ও ভাদুল এলাকায় রাজ্য ও জাতীয় সড়কের উপর বর্তমান সরকারের আমলে উড়ালপুল তৈরি হয়েছে। বিষ্ণুপুরেও নির্মিত হয়েছে ফ্লাইওভার। ১৪ নম্বর জাতীয় সড়কের উপর দুর্লভপুর রেলগেটেও আগে যানজট লেগে থাকত। সেখানেও উড়ালপুল নির্মাণ হওয়ায় যানজট সমস্যা থেকে রেহাই পাওয়া গিয়েছে। তবে বড়জোড়া ও সোনামুখীতে যানজট সমস্যা বর্তমানে প্রকট হয়েছে। সোনামুখীতে বাইপাস রাস্তা ও বড়জোড়ায় ফ্লাইওভার তৈরি জরুরি হয়ে পড়েছে বলে জেলাবাসী মনে করছে। 
বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়ক জঙ্গলমহলের অন্যতম ‘লাইফ লাইন’ বলে পরিচিত। গুরুত্বপূর্ণ ওই রাস্তা বাঁকুড়াকে পশ্চিম বর্ধমানের সঙ্গে যুক্ত করেছে। শিল্পশহর দুর্গাপুরের সঙ্গে বাঁকুড়ার যোগাযোগ রক্ষা করে চলা ওই রাস্তা গত কয়েকবছরে অনেকটা সম্প্রসারিতও হয়েছে। তবে যানবাহনের চাপ বেশি থাকায় সেটি চারলেনের করা প্রয়োজন। নিত্যযাত্রীদের মধ্যে বিদ্যুৎ শীট, কমলেশ চক্রবর্তী বলেন, উড়ালপুল তৈরি হলে যানবাহনের গতি বৃদ্ধি পাবে। ফলে বাঁকুড়া থেকে দুর্গাপুর কম সময়ে যাতায়াত করা যাবে। তাতে সকলেরই উপকার হবে। অবিলম্বে ফ্লাইওভার নির্মাণের প্রয়োজন হয়ে পড়েছে।
 
Advertisement
সম্পর্কিত সংবাদ