Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহারের তোর্সার চরে বাইসনের হানাদারি, ঘুমপাড়ানি গুলি করে কাবু

কোচবিহারের তোর্সার চরে বাইসনের হানাদারি, ঘুমপাড়ানি গুলি করে কাবু
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: রবিবার রাতে কোচবিহার শহর লাগোয়া তোর্সার চরে বাইসনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশেই কোচবিহার পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড। জনবহুল এলাকা। ফলে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি বনদপ্তর থেকে এলাকায় মাইকিং করা হয়। পরে বাইসনটি রাতারাতি তোর্সা নদী ধরে প্রায় ১২ কিমি পথ পেরিয়ে সোমবার পৌঁছে যায় তুফানগঞ্জ-১ ব্লকের বলরামপুর-১ পঞ্চায়েতের চেকাডোরা গ্রামে। স্থানীয়দের নজরে আসার পরেই বনদপ্তরের টিম সেখানে পৌঁছে যায়। পৌঁছে যান কোচবিহারের ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায়, এডিএফও বিজনকুমার নাথ সহ পদস্থ আধিকারিকরা। দিনভর চেষ্টা করে দলছুট বাইসনটিকে দুপুরের দিকে ঘুম পাড়ানি গুলি করে বাগে আনতে সক্ষম হয় বনদপ্তর। বাইসনটিকে কাবু করে পাতলাখাওয়ার জঙ্গলে ফেরত পাঠানো হয়। বারবার লোকালয়ে বাইসন বের হওয়া নিয়ে কোচবিহারে আগে থেকেই উদ্বেগ রয়েছে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের শুরু থেকে ১৫টি বাইসন জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে এসেছে। সেগুলিকে বারবার কাবু করে জঙ্গলে ফেরত পাঠাতে হচ্ছে। দলছুট হয়ে লোকালয়ে বেরিয়ে আসা এই সব বাইসনদের আক্রমণে এর আগে বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। মৃত্যুও পর্যন্ত হয়েছে। 

Advertisement

কোচবিহারের এডিএফও বলেন, রবিবার রাতে বাইসন বেরিয়েছে বলে তোর্সার পার থেকে খবর পাওয়ার পরেই মাইকিং করা হয়েছিল। কিন্তু রাত হয়ে যাওয়ায় ও নদীর চর এলাকা বলে বাইসন দেখা যায়নি। এদিন সকালে বলরামপুরে বাইসনের খোঁজ মেলে। ওই বাইসনটিই নদী পথে সেখানে গিয়েছে। পরে সেটিকে ঘুমপাড়ানি গুলি করে বাগে আনা হয়। পাতলাখাওয়ার জঙ্গলে সেটিকে ছাড়া হয়েছে। 
কোচবিহারের পুণ্ডিবাড়ি থানা এলাকায় পাতলাখাওয়া জঙ্গলের শুরু। সেখানে কিছু বাইসন রয়েছে। এছাড়াও চিলাপাতা, জলদাপাড়ার জঙ্গলের সঙ্গে যোগ রয়েছে। সেই সব জায়গা থেকেও বাইসন নদীর ধার ধরে এদিকে চলে আসে। মূলত জঙ্গল কমে যাওয়া, খাবারের সন্ধান সহ একাধিক কারণে বাইসন জঙ্গল ছেড়ে বেরিয়ে আসে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে ঘোকসাডাঙা, মাথাভাঙা সহ প্রায় দশ জায়গায় জঙ্গল থেকে বাইসন লোকালয়ে চলে এসেছে। কখনও একটি, কখনও একাধিক বাইসন এসেছে। বছর কয়েক আগে কোচবিহারের টাকাগাছ এলাকায় দু’টি বাইসন এসে রীতিমতো বাসিন্দাদের বাড়ির ভিতরে ঢুকে দাপাদাপি করেছিল। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ