সংবাদদাতা, আলিপুরদুয়ার: বাইসনের গুঁতোয় মারাত্মকভাবে জখম হলেন জলদাপাড়া জাতীয় উদ্যানের এক পাতাওয়ালা। গুরুতর জখম পাতাওয়ালার নাম চৈতু রাভা। তিনি জাতীয় উদ্যানের পূর্ব রেঞ্জের শিশামারা বিটে কাজ করেন। শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ বিট সংলগ্ন জঙ্গলে কুনকি হাতিকে খাবার দিচ্ছিলেন তিনি। তখনই একটি বাইসন জঙ্গল থেকে অতর্কিতে বেরিয়ে এসে পেটের মধ্যে গুঁতো মেরে দেয়। পাতাওয়ালার ওই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে কুনকি হাতিটি ধাওয়া করলে বাইসনটি জঙ্গলে পালিয়ে যায়। জখম পাতাওয়ালা চৈতুকে বনকর্মীরা বনদপ্তরের গাড়িতে করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। বাইসনের গুঁতোয় পাতাওয়ালার জখম মারাত্মক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তাঁর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
Advertisement
জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও প্রবীণ কাসোয়ান বলেন, জখম পাতাওয়ালাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসার খরচ বনদপ্তর বহন করবে।



