সংবাদদাতা, কুমারগ্রাম: বৃহস্পতিবার কুমারগ্রামের বিত্তিবাড়ি গ্রামে বাইসনের হামলায় জখম হলেন এক বনকর্মী। জখম বনকর্মীর নাম অশ্বিনী দাস। তিনি বনদপ্তরের ভল্কা রেঞ্জের চেংমারি বিটে কর্মরত। এদিন প্রথমে মধ্য হলদিবাড়ি গ্রামে বাইসনের আতঙ্ক ছড়ায়। স্থানীয় কয়েকজন দাবি করেন, তাঁরা এলাকায় একটি বাইসন দেখেছেন। খবর পেয়ে বনদপ্তরের ভল্কা ও কুমারগ্রাম রেঞ্জের আধিকারিক-কর্মীরা ঘটনাস্থলে আসেন। তাঁরা এলাকায় তল্লাশি চালিয়েও বাইসনের খোঁজ পাননি। পরে বিকেলের দিকে বিত্তিবাড়ি গ্রামে বাইসনের বের হওয়ার খবর মেলে। সেখানে উপস্থিত হন বনদপ্তরের কর্মীরা। সেসময় বাইসনের হামলায় অশ্বিনী দাস জখম হন। অন্য বনকর্মীরা তাঁকে উদ্ধার করে কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনেন। সেখান থেকে তাঁকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়। বনদপ্তরের তরফে জানানো হয়েছে, বিত্তিবাড়ি গ্রামে নজরদারি চালানো হচ্ছে।



