ফের থ্রেট কালচারের নেপথ্যে বিরূপাক্ষরা! অভিযোগ জুনিয়র ডক্টর্স ফ্রন্টের
  • ২৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভয়া আন্দোলনের সময় যাঁদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ উঠেছিল, তাঁরাই আজ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে জুনিয়র ডাক্তারদের হুমকি দিচ্ছেন। রোগীদের স্বার্থে হাসপাতালের ওষুধ, সরঞ্জাম, পরিকাঠামোর অভাবের কথা তুলে ধরায় সৌম্যদীপদের মতো জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। কোনদিন দেখা যাবে সেই ডাঃ বিরূপাক্ষ বিশ্বাস, ডাঃ অভীক দে প্রভৃতি গেরুয়া উত্তরীয় গলায় দিয়ে ঘুরছেন! চোরবাগান ঘটনার দিন সাংবাদিক সম্মেলন করা মেডিকেল কলেজের জুনিয়রদের পাশে দাঁড়িয়ে রবিবার সাংবাদিক সম্মেলন করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। সেখানেই এই অভিযোগ করেন ফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ডাঃ দেবাশিস হালদার। তাঁর কটাক্ষ, সরকার আমাদের জানিয়ে দিক, এরপর থেকে আহত রোগী পেলেই অ্যাপোলোয় পাঠিয়ে দেব তো? প্রোটোকলটা জানিয়ে দিক সরকার। 

Advertisement

পাঁচ চিকিৎসক সংগঠনের যৌথ মঞ্চের তরফে পুণ্যব্রত গুণ বলেন, আমরা সর্বতোভাবে জুনিয়র ডাক্তারদের পাশে আছি। বিভিন্ন মেডিকেল কলেজে কী কী চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে, এদিন জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফের সংবাদমাধ্যমের হাতে তার তালিকা তুলে দেওয়া হয়। ডাঃ হালদার বলেন, বিভিন্ন সময়ে এই তালিকা সংবাদমাধ্যমের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেব আমরা। কারণ মানুষের এসব জানার অধিকার আছে। এদিকে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের অভিযোগ সম্পর্কে ডাঃ বিরূপাক্ষ বিশ্বাসের পালটা দাবি, এসব অভিযোগ ভিত্তিহীন।