Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

টেন্ডার জমা দিতে এবার টাকা নেবে জেলা পরিষদ

টেন্ডার জমা দিতে এবার টাকা নেবে জেলা পরিষদ
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: নানা কাজে ক্রমশ খরচ বাড়ছে। কিন্তু আয় সীমিত। স্বাভাবিকভাবেই ভাঁড়ারে টান পড়তে শুরু করেছে। সমস্যা সমাধানে নিজস্ব তহবিল সমৃদ্ধ করতে উদ্যোগী হল বীরভূম জেলা পরিষদ। আয় বাড়াতে এবার কর্তৃপক্ষ দরপত্রবাবদ নির্দিষ্ট পরিমাণ টাকা আদায়ের সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ টেন্ডার জমা দিতে এবার টাকা নেবে জেলা পরিষদ। জেলা পরিষদের তরফে স্পষ্ট করা হয়েছে, প্রকল্প মূল্যের ভিত্তিতে চারটি ধাপে দরপত্রের জন্য টাকার অঙ্ক নির্দিষ্ট করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের শুরুতেই কর্তৃপক্ষের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। আধিকারিকদের আশা, এর ফলে জেলা পরিষদের তহবিল অনেকটাই সমৃদ্ধ হবে।

Advertisement

পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম বলেন, জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে বছরভর একাধিক কাজ করা হয়। দিনদিন কাজের পরিমাণ বাড়ছে। স্বাভাবিকভাবেই আয়ের তুলনায় ব্যয় অনেকটাই বেড়েছে। সেক্ষেত্রে আয় বৃদ্ধির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে উন্নয়নমূলক কাজ অনেকটাই গতি পাবে। সম্প্রতি জেলা পরিষদের অর্থ সংস্থা উন্নয়ন ও পরিকল্পনা স্থায়ী সমিতির সভা আয়োজিত হয়েছিল। সেই সভাতেই এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক বেতন সহ এলাকার উন্নয়নের কাজে নিজস্ব তহবিল থেকে অর্থ বরাদ্দ করা হয়। সেক্ষেত্রে খরচ বাড়ায় এবার আয় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, কর্তৃপক্ষের তরফে প্রকাশিত দরপত্র অনুসারে ঠিকাদারদের এবার প্রকল্প মূল্য অনুযায়ী নির্দিষ্ট টাকা জমা দিতে হবে। সেক্ষেত্রে মোট চারটি ধাপ নির্দিষ্ট করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্প মূল্য হিসেবে ১০ লাখ টাকা পর্যন্ত দরপত্রের ক্ষেত্রে ২ হাজার টাকা, ১০ লাখ থেকে ৫০ লাখ অবধি দরপত্রের জন্য পাঁচ হাজার টাকা, ৫০ লাখ থেকে ১ কোটি টাকার দরপত্রের জন্য ১০ হাজার টাকা এবং ১ কোটি টাকার উপরের দরপত্রের জন্য ২০ হাজার টাকা ঠিকাদারদের জমা দিতে হবে। যদিও এর আগে দরপত্রবাবদ জেলা পরিষদের কোনও প্রকার টাকা আদায় করা হতো না। এবিষয়ে ঠিকাদার গৌতম দাস বলেন, এতদিন নিশুল্ক ছিল। জেলা পরিষদের সিদ্ধান্তে এবার কিছুটা হলেও আমাদের উপর বোঝা চাপল।

Advertisement
সম্পর্কিত সংবাদ