Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাইপাসে দাঁড়ানো লরির পিছনে ধাক্কা পণ্যবাহী গাড়ির,  শান্তিপুরে কুয়াশার বলি তিন

বাইপাসে দাঁড়ানো লরির পিছনে ধাক্কা পণ্যবাহী গাড়ির,  শান্তিপুরে কুয়াশার বলি তিন
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: কাকভোরে জাতীয় সড়কে দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ১২ নম্বর জাতীয় সড়কের শান্তিপুর বাবলা বাইপাস এলাকায়। মৃতদের নাম শিবানন্দ পোদ্দার, সুব্রত বিশ্বাস ও রবীন ঘোষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিস। গুরুতর যখন অবস্থায় তিনজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। 
Advertisement
স্থানীয় এবং পুলিস সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে বাবলা বাইপাস এলাকায়। দুর্ঘটনার সময় বাইপাসের ধারে একটি লরি দাঁড়িয়ে ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ওই ছোট গাড়িটি সজোরে ধাক্কা মারে লরির পিছনে। তাতেই দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। রক্তাক্ত অবস্থায় তিনজনকে সেই গাড়ি থেকেই উদ্ধার করে পুলিস। চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। 
তদন্তকারী অফিসার জানতে পেরেছেন, মৃত শিবানন্দের বাড়ি বারাসতে। পণ্যবাহী ওই গাড়িটি নিয়ে তিনি যাচ্ছিলেন কৃষ্ণনগর। মৃত বাকি দু’জন ওই গাড়িতেই ছিলেন। তাঁদের মধ্যে একজনের বাড়ি নদীয়ার গাংনাপুরে। আর একজনের বাড়ির ঠিকানা জানা যায়নি। ইতিমধ্যেই এই ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানা। 
প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, মঙ্গলবার ভোরে কুয়াশা ছিল। সম্ভবত সেই কারণেই দাঁড়িয়ে থাকা লরিটি দেখতে না পেয়ে সজোরে তার পিছনে ধাক্কা মারে। মৃত শিবানন্দের আত্মীয় গোপাল কুণ্ডু বলেন, আমরা পুলিসের কাছ থেকে দুর্ঘটনার খবর পেলাম। কী কারণে দুর্ঘটনা ঘটল তা বলতে পারব না। আমাদের দেহ শনাক্ত করার জন্য ডাকা হয়েছিল।
প্রসঙ্গত, শীতের সময় রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে রাখা নিয়ে কড়া হওয়ার কথা ঘোষণা করেছিল রানাঘাট জেলা পুলিস। ট্রাফিকের পক্ষে বিশেষ নাইট পেট্রলিং এর ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু তারপরেও এই দুর্ঘটনা সেই পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলছে।
সম্পর্কিত সংবাদ