Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হরিরামপুরে বড় লিডের লক্ষ্যে জোর প্রচার করলেন বিপ্লব

হরিরামপুরে বড় লিডের লক্ষ্যে ঝাঁপিয়েছেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। প্রথম দফার ভোট প্রচারের শেষলগ্নে এসে নিজের বিধানসভা কেন্দ্রে কার্যত মাটি কামড়ে পড়ে রয়েছেন তিনি।

হরিরামপুরে বড় লিডের লক্ষ্যে জোর প্রচার করলেন বিপ্লব
  • ১৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সোমেন পাল, গঙ্গারামপুর: হরিরামপুরে বড় লিডের লক্ষ্যে ঝাঁপিয়েছেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। প্রথম দফার ভোট প্রচারের শেষলগ্নে এসে নিজের বিধানসভা কেন্দ্রে কার্যত মাটি কামড়ে পড়ে রয়েছেন তিনি। গ্রামে গ্রামে তাঁর প্রচারে দেখা যাচ্ছে বাড়তি উদ্দীপনা। বাড়ি থেকে বেরিয়ে এসে প্রার্থীকে ফুল ছিটিয়ে স্বাগত জানাচ্ছেন মহিলারা।

Advertisement

হরিরামপুর ব্লকের গোকর্ণ, সৈয়দপুর ও পুণ্ডরী গ্রাম পঞ্চায়েত থেকে বরাবর বড় অঙ্কের লিড আসে তৃণমূলের। তাই এই এলাকাগুলিকে টার্গেট করে জোর প্রচার চালাচ্ছেন বিপ্লব। তাঁর প্রচারও আলাদা নজর কাড়ছে। কখনও হুডখোলা গাড়িতে গ্রাম চষে বেড়াচ্ছেন, আবার বাইক মিছিল করে জনসংযোগ সারছেন।
দিনের শুরুতে কর্মীদের বাড়িতে মধ্যাহ্নভোজ, তারপর বিকেল থেকে টানা প্রচার-এই ছন্দেই এগচ্ছে বিপ্লবের নির্বাচনি লড়াই। এদিন সৈয়দপুর এলাকায় বালিহারা হাইস্কুল মাঠ থেকে শুরু হয় তাঁর প্রচার। গ্রামে পৌঁছতেই মহিলারা ফুল ছিটিয়ে স্বাগত জানান। প্রচারের সময় গ্রামীণ মহিলাদের কাছে তিনি জানতে চান, তাঁরা রাজ্য সরকারের সামাজিক ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না। পাশাপাশি তিনি আশ্বাস দেন, পুনরায় সরকার গঠন হলে মহিলা ও যুবকদের কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে হরিরামপুর ব্লকে প্রায় ২২ হাজার ভোটে এগিয়ে ছিলেন বিপ্লব। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রবল বিজেপি হাওয়ার মধ্যেও প্রায় ১১ হাজার ভোটের লিড ধরে রাখতে সক্ষম হন। গোকর্ণ, পুণ্ডরী ও সৈয়দপুর গ্রাম পঞ্চায়েত তার ভোটব্যাঙ্কের মূল শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
বিপ্লব বলেন, ২০১১ থেকে হরিরামপুর ব্লকের মানুষ আমাকে সমর্থন করে আসছেন। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকে ত্বরান্বিত করেছি। রাস্তা, পানীয় জল গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া হয়েছে। মানুষের এই উৎসাহই তার প্রমাণ। এসআইআর প্রক্রিয়ায় কিছু ভোটারের নাম বাদ গেলেও শেষ পর্যন্ত আমরা লড়ব। এবং বিধানসভায় তৃণমূলের অবস্থান আরও শক্ত করব।
স্থানীয় বাসিন্দা রামেশ বিবি বলেন, আমাদের এলাকায় বিপ্লব ছাড়া আর কেউ পাশে দাঁড়াননি। উন্নত চিকিৎসার ব্যবস্থাও তিনি করে দিয়েছেন। যা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ