সোমেন পাল, গঙ্গারামপুর: হরিরামপুর বিধানসভা কেন্দ্রে হেভিওয়েট তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের প্রতিদ্বন্দ্বী কই? সমানে সমানে লড়াই করতে পারেন, এমন প্রার্থী দাঁড় করাতে বিজেপি ব্যর্থ হয়েছে বলে প্রচার শুরু করছে তৃণমূল। তাদের দাবি, এবার ফাঁকা ময়দানে খেলবেন তৃণমূল প্রার্থী। প্রধান বিরোধী দলের ‘নবীন’ প্রার্থীকে গুরুত্ব দিচ্ছেন না বিপ্লবও। কারণ, দীর্ঘদিনের অভিজ্ঞ ও প্রবল রাজনৈতিক ব্যক্তিত্বের মুখোমুখি এবার বিজেপি ভরসা রেখেছে তুলনামূলক নতুন মুখ শিক্ষক দেবব্রত মজুমদারের উপর। তিনি জেলা বিজেপির সংগঠনিক পদেও যুক্ত।
বিশ্লেষকদের মতে, হরিরামপুরের অলিগলি হাতের তালুর মতো চেনা বিপ্লব নির্বাচনী প্রচারের লড়াইয়ে একটু অ্যাডভান্টেজ পাচ্ছেন। অন্যদিকে, দেবব্রতকে অনেক ভোটার সেভাবে চেনেন না।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়েছিলেন প্রাক্তন কংগ্রেস জেলা সভাপতি নীলাঞ্জন রায়। কিন্তু তৃণমূল প্রার্থী বিপ্লবের কাছে পরাজিত হন তিনি। পরবর্তীতে জেলার সক্রিয় রাজনীতিতে তাঁর উপস্থিতি ম্লান হয়ে যায়।
এবার সেই প্রেক্ষাপটেই তৃণমূল শিবিরে জোরকদমে ভোটের ব্যবধান আরও বাড়ানোর চেষ্টা শুরু হয়েছে। যদিও বিজেপি শিবির বিভিন্ন ইস্যু নিয়ে লড়াইয়ে নামার বার্তা দিয়েছে। তাদের দাবি, প্রার্থী নয়, সংগঠনই হবে ভোটের নির্ধারক।
বিপ্লবের বিরুদ্ধে লড়াইয়ে ইতিমধ্যেই প্রার্থীর হয়ে মাঠে নেমেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। জেলায় একাধিক কর্মসূচিতে দেবব্রতকে সঙ্গে নিয়ে প্রচার ও জনসংযোগ করতে দেখা গিয়েছে তাঁকে। অন্যদিকে, বিপ্লব এখনও প্রচারে তেমন সক্রিয় না হলেও কর্মীদের সঙ্গে রণকৌশল নির্ধারণে ব্যস্ত। সব মিলিয়ে, হরিরামপুর কেন্দ্রে লড়াই পুরোপুরি জমে না উঠলেও রাজনৈতিক চাপানউতোর স্পষ্ট।
জেলা বিজেপির সহ-সভাপতি অশোক বর্ধন বলেন, হরিরামপুরে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী দিয়েছে দল। লড়াইয়ে কে হেভিওয়েট, কে নয় এসব বড় বিষয় নয়। সংগঠনই আসল শক্তি।
এদিকে বিপ্লবের বক্তব্য, যিনি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, সবে রাজনীতি শুরু করছেন। তাঁর বাবা ১৯৯৬ সালে প্রার্থী হয়েছিলেন। কংগ্রেসের কাছে হারতে হয়েছিল তাঁকে। এবারও বিজেপি প্রার্থী কিছু করতে পারবেন না। তাঁকে নিয়ে বিন্দুমাত্র ভাবছি না।
স্থানীয় বাসিন্দাদের একাংশের প্রতিক্রিয়াতেও ফুটে উঠছে এই চিত্র। হরিরামপুরের দানগ্রাম এলাকার বাসিন্দা ভবেশ মণ্ডল বললেন, বিজেপির প্রার্থীর নাম প্রথম শুনলাম। তবে, বিপ্লব মিত্রকে সবাই চেনেন। তিনি বড় মাপের নেতা।