উত্তর দিনাজপুর জেলায় পরীক্ষামূলকভাবে চারটি স্কুলে চালু হচ্ছে ‘বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেম’
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলায় পরীক্ষামূলকভাবে চারটি স্কুলে শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের জন্য চালু হতে চলেছে ‘বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেম’। আপাতত রায়গঞ্জ মহকুমায় চারটি ব্লক যথাক্রমে রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ  ও করণদিঘির একটি করে স্কুলে এই নতুন ব্যবস্থাপনা চালু করা হবে। যার প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রাইমারি স্কুল শিক্ষা সংসদ। এ ব্যাপারে জেলা প্রাইমারি স্কুল শিক্ষা সংসদ সভাপতি সুব্রত সরকারের বক্তব্য, শিক্ষা দপ্তরের নির্দেশে প্রথম পর্যায়ে আমরা পরীক্ষামূলকভাবে রায়গঞ্জ মহকুমার চার ব্লকে একটি করে প্রাইমারি স্কুলকে চিহ্নিত করছি। সার্ভে হচ্ছে। দীর্ঘ সময় ধরে যে স্কুলগুলিতে পড়ুয়া সংখ্যা অনেকটাই বেশি, সেখানে এই বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেম বসানো হবে। 

Advertisement

নতুন ব্যবস্থাপনার মাধ্যমে পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকার স্কুলে উপস্থিতির হার খুব সহজেই যেমন নথিভুক্ত হবে, তেমনই অত্যাধুনিক ব্যবস্থা চালু হলে, স্কুল পরিচালনা ক্ষেত্রেও অনেকটাই সুবিধা হবে। পরবর্তীতে এই নতুন ব্যবস্থাপনার বিভিন্ন দিক খতিয়ে দেখে অন্যান্য স্কুলেও এই ব্যবস্থা চালু করা হতে পারে। আগামী শিক্ষাবর্ষেই হয়তো এই ব্যবস্থা চার স্কুলে চালু হয়ে যেতে পারে।
জেলা শিক্ষা দপ্তর খবর, জেলায় কিছু প্রাইমারি স্কুল থেকে বিভিন্ন সময়ে নথিভুক্ত পড়ুয়া বেশি দেখানোর অভিযোগ ওঠে। সেখানে শিক্ষাকেন্দ্রে নিয়মিত আসা-যাওয়া পড়ুয়ার সংখ্যা তলানিতে নামলেও হাজিরা খাতায় আশ্চর্যজনকভাবে বেশি সংখ্যক পড়ুয়া উল্লেখ করার অতীতে দৃষ্টান্ত আছে। তাছাড়াও সশরীরে স্কুলে গিয়ে স্কুলের হালহকিকত যাচাই করার ক্ষেত্রে অনেকসময় ফাঁক থেকে যায়। কিছু প্রাইমারি স্কুলে যথাসময়ে শিক্ষকদের হাজিরার ক্ষেত্রেও দেরি করে পৌঁছানোর অভিযোগ ওঠে অনেকসময়। তাই শিক্ষা দপ্তর নতুন এই ব্যবস্থাপনা চালু করে বেনিয়ম ঠেকানোর পাশাপাশি স্কুল পরিচালনায় আরও সুষ্ঠু ব্যবস্থাপনা চাইছে।