অম্বরীশ চট্টোপাধ্যায় কল্যাণী
অম্বরীশ চট্টোপাধ্যায় কল্যাণী
ইস্ট বেঙ্গল- ২ : কাস্টমস-২
(অনন্থু, লাকরা) (শ্লোক, সৌরভ)
গাছগাছালিতে সবুজ কল্যাণী। সাজানো শিল্পনগরীতে প্রিয় দলের ম্যাচ দেখতে হাজির প্রচুর ইস্ট বেঙ্গল সমর্থক। কিন্তু বিনো-ব্রিগেডের পারফরম্যান্স খানা খন্দে ভরা। চাকু, সঞ্জীবরা পুরানো গাড়ির মতো নড়বড়ে। আর সেই কারণেই কলকাতা কাস্টমসের বিরুদ্ধে ড্র করে মান বাঁচাল ইস্ট বেঙ্গল। ম্যাচের ফল ২-২। প্রথমার্ধে শ্লোক ছেত্রী ও সৌরভ সেনের গোলে এগিয়ে যায় বিশ্বজিৎ ভট্টাচার্যের দল। বিরতির পর আনন্থু ও প্রভাত লাকরার লক্ষ্যভেদে সমতায় ফেরে লাল-হলুদ ব্রিগেড। পরিস্থিতি দেখে ম্যাচের পর সমর্থকদের কাছে ক্ষমাও চাইলেন বিনো জর্জ। তাঁর মন্তব্য, ‘কিছু সমস্যা রয়েছে। তবে দ্রুত তা কাটিয়ে উঠতেই হবে।’ আসলে বিনোর দলে গোলগেটারের অভাব। একা জেসিন টিকে ছাই ফেলতে ভাঙা কুলো। ততোধিক অপদার্থ ম্যানেজমেন্ট। সূত্রের খবর, পইপই করে স্ট্রাইকার চাইছেন বিনো। কিন্তু বাজেটের অজুহাতে আটকে সই। প্র্যাকটিসের জন্য শাটল ককের মতো এধার-ওধার ছুটতে হয়। যুব দল থেকে ফুটবলার তুলতে গেলে আরও যত্ন প্রয়োজন।
আগের ম্যাচে সুরুচি সঙ্ঘ কাঁপিয়ে দিয়েছিল ইস্ট বেঙ্গলকে। সেদিনের দেওয়াল লিখন বোধহয় পড়তে পারেননি চাকুরা। এদিন কাস্টমসের বিরুদ্ধেও ন্যাতানো মুড়ির মতো মিইয়ে রইল লাল-হলুদ রক্ষণ। বেঞ্চে বসে মরচে পড়েছে সঞ্জীবের। ১৫ মিনিটের মধ্যে সহজ সুযোগ নষ্ট করেন গুইতে ও কুশ। গোল তো এলই না। উল্টে হামাগুড়ি খেয়ে বিপক্ষকে পেনাল্টি উপহার দিলেন চাকু। সন্তোষ ট্রফি জয়ের পর অজস্র সংবর্ধনার ফুল এখন কাঁটার মতো বিঁধছে। যাই হোক, স্পটকিক থেকে লক্ষভেদে ভুল করেননি শ্লোক (১-০)। ২২ মিনিটে দুরন্ত মুভ থেকে জাল কাঁপান সৌরভ (২-০)। গত মরশুমেও বিএসএস’এর হয়ে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে গোল করেছিলেন তিনি। বাধ্য হয়ে আধাফিট জেসিনকে মাঠে নামাতে বাধ্য হন বিনো।
দ্বিতীয়ার্ধে মন্দের ভালো ইস্ট বেঙ্গল। দুই উইংয়ে সায়ন ও আমন সিকে ডানা মেলতেই চাপ বাড়ল কাস্টমসের উপর। ৬১ মিনিটে ডানদিক থেকে জেসিনের সেন্টারে মাথা ছুঁইয়ে ব্যবধান কমান অনন্থু (২-১)। এই পর্বে কিছুটা চনমনে দেখায় ইস্ট বেঙ্গলকে। ১০ মিনিট পর ২-২ করেন প্রভাত লাকরা। তাতে এক পয়েন্ট এলেও উদ্বেগ কমল না। এদিকে, রবিবার বিকালে প্রস্তুতিতে নামছে ইস্ট বেঙ্গল সিনিয়র দল। কোচ অস্কার আগামী সপ্তহে আসবেন। তাই আপাতত বিনো দায়িত্ব সামলাবেন।
ইস্ট বেঙ্গল দল: আদিত্য, প্রভাত, চাকু, বিক্রম, জোসেফ, গুইতে (জেসিন), কুশ (অনন্থু), সঞ্জীব (সায়ন), তন্ময়, নসিব, আমন (রোশল/ আশিক)।