Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদারিহাটে পরিত্যাক্ত কুয়োয় মিলল বিনোদের ছোট ভাইয়ের মোবাইল

মাদারিহাটে মাহুত বিনোদ ওরাওঁয়ের পরিবারের তিনজনের রহস্যমৃত্যুর ঘটনায় মৃত ছোট ভাইয়ের স্মার্টফোন উদ্ধার হল।

মাদারিহাটে পরিত্যাক্ত কুয়োয় মিলল বিনোদের ছোট ভাইয়ের মোবাইল
  • ১০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: মাদারিহাটে মাহুত বিনোদ ওরাওঁয়ের পরিবারের তিনজনের রহস্যমৃত্যুর ঘটনায় মৃত ছোট ভাইয়ের স্মার্টফোন উদ্ধার হল। শনিবার সন্ধ্যার পর মাদারিহাট থানার পুলিস পাম্পসেট লাগিয়ে বাড়ির পিছনে একটি পরিত্যক্ত কুয়ো থেকে জল ছেঁকে মোবাইল ফোনটি উদ্ধার করে। পুলিস সূত্রে জানা গিয়েছে, জলে পড়ে ফোনটি বিকল হয়ে গিয়েছে। গত সোমবার মাদারিহাট রেঞ্জে অফিস চত্বরে মাহুত বিনোদ ওরাওঁয়ের  কোয়ার্টার থেকে উদ্ধার হয় তিনজনের দেহ। কোয়ার্টারের একটি রুমে উদ্ধার হয় বিনোদের ছোট ভাই রবির ঝুলন্ত দেহ। ভাইয়ের রুমেই বিছানা থেকে উদ্ধার হয় বিনোদের কিশোর ছেলে বিবেকের রক্তমাখা নিথর দেহ। পাশের রুমের কাঠের মেঝেতে উদ্ধার হয় কম্বল জড়ানো বিনোদের সৎমা বিবি লোহার ওরাওঁয়ের দেহ।

Advertisement

এই ঘটনার তদন্তে গত শুক্রবার মাদারিহাটে তিন সদস্যের ফরেন্সিক টিম আসে। সেদিন কোয়ার্টার থেকে একটি ধারালো চাকুও উদ্ধার হয়। তদন্তে  নামানো হয় বনদপ্তরের স্নিফার ডগকে। সেদিন স্নিফার ডগ গন্ধ শুঁকে বাড়ির পিছনে বারবার সেই কুয়োর চারদিকে ঘুরছিল। তখনই পুলিসের সন্দেহ দানা হয়, কুয়োতে নিশ্চয় কিছু রয়েছে। তারপরেই শনিবার সন্ধ্যা থেকে কুয়োর জল ছেঁকা শুরু করে পুলিস। রাতের দিকে সেই কুয়ো থেকে উদ্ধার হয় বিনোদের ছোট ভাই মৃত রবির স্মার্টফোনটি। তবে বিনোদের প্রৌঢ়া মা ও তাঁর ছেলেকে কে খুন করল এখনও তা জানা যায়নি। রবি নিজের মোবাইল ফোনটি বা কেন কুয়োয় ফেলে দিল এই প্রশ্নের উত্তরও এখনও অধরা। তবে জেলা পুলিস জানিয়েছে, তদন্ত চলছে।  এখনও কিছু বলার সময় আসেনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ