সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: খবরের জেরে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের তেলজান্না কাঁকরখালের বেইলি ব্রিজের মেরামত শুরু হয়েছে। পুরনো লোহার পাত পাল্টে নতুন পাত লাগানো হচ্ছে। গত ১২ নভেম্বর দুর্বল সেতুটির খবর তুলে ধরে ‘বর্তমান’। তারপরই নড়েচড়ে বসে মালদহ সেচদপ্তর। সেখানকার এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সুবোধ গুড়িয়া বলেন, মেরামতের কাজ শুরু হয়েছে। পুরনো পাত পাল্টে নতুন পাত লাগানো হচ্ছে। ব্রিজের দু’পাশের রেলিং রং করা হবে। তবে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ব্রিজের পাশে দপ্তর থেকে কংক্রিটের সেতুর প্রস্তাব পাঠানো হয়েছে। সেটি হতে সময় লাগবে।



