সংবাদদাতা, ময়নাগুড়ি: শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে আনার পথে রাস্তা থেকে এক ব্যক্তির বাইক নিয়ে চম্পট দিল জামাই! ঘটনার তদন্ত শুরু করে ময়নাগুড়ি থানার পুলিশ। এরপর গতকাল অর্থাৎ সোমবার মাঝরাতে ময়নাগুড়ির বোলবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত জামাইকে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তর নাম রাকেশ সাহা। তাঁর বাড়ি শিলিগুড়ির বাগডোগরায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২ তারিখ বোলবাড়ি এলাকার বাসিন্দা গোপাল শীল একটি ব্রিজের সামনে তাঁর বাইক রেখে মাছ ধরতে গিয়েছিলেন। অভিযোগ, ওই সময়ে শিলিগুড়ি থেকে বোলবাড়ি এলাকায় শ্বশুরবাড়ির দিকে আসছিলেন অভিযুক্ত যুবক। অভিযোগ, গোপালবাবু যখন মাছ ধরতে ব্যস্ত সেই সময় অভিযুক্ত বাইকটি নিয়ে চম্পট দেয়। এরপর শ্বশুরবাড়ি না গিয়ে বাইকটি নিয়ে সরাসরি শিলিগুড়ি চলে যায়। এই ঘটনায় ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাইকের মালিক। তদন্তে নামে পুলিশ। শেষে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
তদন্তকারী পুলিশ আধিকারিক বলেন, যে সময় বাইকটি চুরি হয় সেই সময় স্থানীয় এক ব্যক্তির সঙ্গে অভিযুক্তের দেখা হয়। সে তাকে জিজ্ঞাসা করে যে শ্বশুরবাড়ি যাচ্ছে কী না? আর এই সূত্র ধরেই তদন্ত গতি পায়। পুলিশ অভিযুক্তকে পাকড়াও করে। জানা গিয়েছে, যেদিন অভিযুক্ত বাইকটি চুরি করে সেদিন সে শ্বশুরবাড়ি আসেনি। এমনকি স্ত্রীকেও নিয়ে যায়নি। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।