সংবাদদাতা, দিনহাটা: চিকিৎসার জন্য বাবাকে নিয়ে এসেছিলেন দিনহাটা শহরে। সোমবার নিহত বাবার নিথর দেহ নিয়ে ফিরতে হল সিতাইয়ের হুমায়ুন প্রামাণিককে। দিনহাটা শহরের গোপালনগরে এদিন ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় হুমায়ুনের বাবা বাবলু প্রামাণিকের (৬২)। দিনহাটা থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও চালককে গ্রেপ্তার করতে পারেনি পুলিস।
Advertisement
স্থানীয় সূত্র জানা গিয়েছে, সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ দিনহাটা শহরের গোপালনগর এলাকায় বাইকে করে বাবাকে নিয়ে যাচ্ছিলেন হুমায়ুন। তাঁর বাবা পক্ষাঘাতে আক্রান্ত। ফিজিওথেরাপির জন্য বাবাকে দিনহাটায় এনেছিলেন ছেলে। সেই সময় গোপালনগর এলাকায় হঠাত্ই বাইক থেকে রাস্তায় পড়ে যান বাবলুবাবু। পিছন থেকে আসা একটি পাথরবোঝাই লরি তাঁকে পিষে দেয়। ঘটনার পরই লরিচালক পলাতক। দিনহাটা থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রতিনিয়ত ট্রাক্টরট্রলি ও ট্রাকের দাপটে রাস্তায় চলাচলে প্রমাদ গুনতে হচ্ছে শহরবাসীকে। দ্রুত গতিতে ছুটে চলা এই গাড়িগুলির থেকে দুর্ঘটনার আশঙ্কা ছিলই। সোমবার সেটাই হল গোপাল নগরে। পানীয় জল পরিষেবার কাজ চলায় রাস্তার একাংশে গর্ত খোড়া হয়েছে। এতে রাস্তা আরও সংকীর্ণ হয়ে গিয়েছে। রাস্তার মাঝ বরাবার চলছে বাইক থেকে ট্রাক। দিনহাটা ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার মিঠু দাসের স্বামী তাপস দাস বলেন, সিতাইয়ের বাসিন্দা হুমায়ুন প্রামাণিক তাঁর বাবা বাবলু প্রামাণিককে চিকিৎসার জন্য দিনহাটা শহর এনেছিলেন। সেই সময় ওই যুবকের বাবা বাইক থেকে পড়ে যান। ট্রাক পিষে দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান বৃদ্ধ। এলাকায় পানীয় জল পরিষেবার কাজের জন্য রাস্তা খোড়ায় চলাচলে সমস্যা হচ্ছে।



