সংবাদদাতা, কালিয়াচক: পিকনিক করতে গিয়ে মা ও ছেলে বাইক রেখেছিলেন একটি বাড়ির সামনে। ফেরার সময় বাইক নিতে গেলে দু’জনকে গালিগালাজ করা হয়। প্রতিবাদ করলে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনার পর বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ হয়েছে একই পরিবারের তিনজনের বিরুদ্ধে। ঘটনাটি চকবাহাদুরপুর এলাকার। পুলিস ও স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে চক বাহাদুরপুর গ্রামের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে বাইকে পিকনিকে যোগ দিতে যান কল্পনা মণ্ডল ও তাঁর ছেলে দেবাশীষ। তাঁরা ধর্ম রজকের বাড়ির সামনে বাইকটি রেখেছিলেন। ফেরার সময় তাঁদের গালিগালাজ করেন ধর্ম রজক ও দীপক রজকরা। ঘটনার প্রতিবাদ করেছিলেন কল্পনা ও তাঁর ছেলে। তখন দেবাশীষের উপর চড়াও হন ধর্ম ও দীপক। কল্পনা বাঁচাতে গেলে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। কল্পনা বলেন, আমরা বুঝতে পারিনি বাইক রাখার জন্য ধর্মরা ঝামেলা করবে। সেটা আন্দাজ করতে পারলে ওখানে বাইক রাখতাম না। বাইক নিয়ে যাওয়ার সময় আমাদের গালিগালাজ করে ধর্ম এবং তার পরিবারের সদস্যরা। আমরা প্রতিবাদ করলে বেধড়ক মারধর করে তারা।
Advertisement
লিখিতভাবে থানায় জানিয়েছি। যদিও ধর্ম মারধর করার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, আমরা প্রথম থেকে বাইকটি সেখানে রাখতে বারণ করেছিলাম। কিন্তু তারা কথা না শুনে জোর করেই সেখানে রাখে। আমি বাইক সরিয়ে নিতে বলতে তারা গালিগালাজ শুরু করে। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।



