সংবাদদাতা, ইটাহার: ইটাহার-বালুরঘাট রাজ্য সড়কে বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের। দু’জন গুরুতর জখম হয়েছেন। শুক্রবার দুপুরে বালিয়াদিঘি এলাকার ঘটনা। মৃত বাইক চালকের নাম অজয় সরকার (২৫)। বাড়ি হরিরামপুর থানার শ্যামগঞ্জ বর্তকিগ্রামে। জখম টোটোযাত্রীদের নাম সুলতানা রেজিয়া ও লতা দেবশর্মা। একজনের বাড়ি মুরালিপুকুর ও অন্যজনের বাড়ি হরিরামপুরের মহেন্দ্র গ্রামে। ইটাহারের দিক থেকে ৬ জন যাত্রী নিয়ে পতিরাজপুরের মুখে যাচ্ছিল একটি টোটো। অন্যদিক থেকে আসছিল একটি বাইক। বালিয়াদিঘি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি যাত্রীবাহী টোটোকে মুখোমুখি ধাক্কা মারে। স্থানীয়রা গুরুতর জখম বাইক চালক ও টোটোযাত্রীদের উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে বাইক চালক সহ ৩ জনকে প্রাথমিক চিকিৎসার পর রায়গঞ্জ মেডিক্যালে রেফার করা হয়। মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অজয়ের। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিস।



