সংবাদদাতা, পতিরাম: দুই বাইকের সংঘর্ষে আহত দুই। তবে স্থানীয়রা জখম বাইকদের উদ্ধার করতে গেলেই এক বাইকচালক বাইক ফেলে পালিয়ে যায়। যা নিয়ে রহস্য শুরু হয়। এরপরেই পালিয়ে যাওয়ার আসল কারণ উঠে আসে। পলাতক ওই ব্যক্তির বাইকে ছিল কাফ সিরাপ। দুর্ঘটনার পর কাফ সিরাপের ব্যাগ রাস্তায় পড়ে যায়। পুলিস ও স্থানীয়দের ভয়ে আহত হলেও সে দ্রুত এলাকা থেকে পালিয়ে যায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কুমারগঞ্জের গোপালগঞ্জের জনতিহার গ্রামের রাস্তায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুমারগঞ্জ থানার পুলিস। পুলিস ঘটনাস্থল থেকে ৯৪ বোতল কাফ সিরাপ উদ্ধার করে নিয়ে যায়। সূত্রের খবর, ওই যুবক বাইকে করে কাফ সিরাপ নিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু পথে আরেকটি বাইকের সঙ্গে সংঘর্ষে তার পরিকল্পনা ভেস্তে যায়। পলাতক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিস। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।



