Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাইকে বাহুবলীরা, রাতে এসকর্ট করে আলু ভর্তি লরি পৌঁছে যাচ্ছে ঝাড়খণ্ডে  

বাইকে বাহুবলীরা, রাতে এসকর্ট করে আলু ভর্তি লরি পৌঁছে যাচ্ছে ঝাড়খণ্ডে  
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
প্রদীপ্ত দত্ত, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার সীমান দিয়ে পার্শ্ববর্তী রাজ্যে আলুবোঝাই লরি যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। সীমানায় নাকা চেকিং চলছে। তারপরেও জামবনী এলাকার জঙ্গলের পথ দিয়ে রাতের বেলায় আলুবোঝাই লরি ঝাড়খণ্ডে যাচ্ছে। রাত হলেই বাইকবাহিনী আলুবোঝাই লরি এসকর্ট করে সীমানায় পৌঁছে দিচ্ছে। বেআইনি এই কারবার কাদের প্রশ্রয়ে চলছে তা নিয়ে প্রশ্ন উঠছে।
Advertisement
জামবনী থানার ঢেংবহড়া গ্ৰামের অপর প্রান্তে ঝাড়খণ্ড। গত সাত দিন ধরে বিরাটডিহি, ডুমুরিয়া রেলগেট, ফরেস্টার রোড, ঢেংবহড়ার জঙ্গল ও মেঠো পথ দিয়ে আলুবোঝাই লরি ঝাড়খণ্ড রাজ্যে যাচ্ছে। সোমবার ভোরে ঢেংবহড়া গ্ৰাম সংলগ্ন জঙ্গলপথে একটি আলুবোঝাই লরি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। লরির চাকা জমিতে বসে যাওয়ায় আটকে পড়েছিল‌। প্রকাশ্যে আসে আলুবোঝাই লরিটি বেআইনিভাবে ঝাড়খণ্ডে যাচ্ছিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় পুলিস প্রশাসন অবশ্য এ নিয়ে কিছু বলতে চায়নি। 
জামবনী থানার সাতটি জায়গায় নাকা চেকিং চলছে। আলুবোঝাই লরি তারপরেও কীভাবে পাশের রাজ্যে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। গ্ৰামবাসীরা বলেন, সপ্তাহ খানেক ধরেই মাঝরাতে অজ্ঞাতপরিচয় বাইকবাহিনী এলাকায় টহল দিচ্ছিল। ভোর ৩টের পর বাইকবাহিনী ছয় থেকে সাতটি আলুবোঝাই লরিকে এসকর্ট করে ঝাড়খণ্ড সীমানায় পৌঁছে দিচ্ছিল। স্থানীয় এক বাসিন্দা বলেন, রাত হলেই জঙ্গল লাগোয়া গ্ৰামের এই পথ দিয়ে আলুবোঝাই লরি যাতায়াত করছে। আলুবোঝাই একটি লরিকে  গ্ৰাম সংলগ্ন জঙ্গল পথে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হই। চালককে জিজ্ঞাসা করে জানতে পারি লরির চাকা মাটিতে বসে যাওয়ায় সে এখানে আটকে পড়েছে। পুলিস সকালে এলাকায় এসেছিল। 
অপর এক বাসিন্দা বলেন, সবাই জানে কাদের মদতে আলুবোঝাই লরি পাশের রাজ্যে যাচ্ছে। সর্ষের মধ্যেই ভূত আছে। মুখ খুললেই বিপদ। গ্ৰামবাসীরা তাই চুপ করে আছেন। গ্ৰামে আটকে পড়া লরির চালক মনসা গোস্বামী বলেন, গড়বেতার আমলাগোড়া থেকে লরিতে আলু লোড করা হয়েছিল। ঝাড়খণ্ডের চাকুলিয়া এলাকায় আলু পৌঁছে দেওয়ার কথা ছিল। মেন রাস্তা ছেড়ে এই পথ দিয়ে যেতে বলা হয়েছিল। আমার সামনে থাকা লরির চালকের নির্দেশ মতো চালাচ্ছিলাম। ঢালু পথে লরির পিছন দিকের যন্ত্রাংশ ভেঙে চাকা মাটিতে বসে যায়। ভোর থেকে এখানে আটকে আছি। এই মুহূর্তে কী করণীয় তা জানি না। 
জেলার অন্যান্য সীমানা দিয়েও অবাধে আলুবোঝাই লরি যাতায়াত করছে। জামবনীর চিচিড়া সীমানা দিয়ে ছোট ম্যাটাডোর করে আলুবোঝাই লরি ঝাড়খণ্ডে যাচ্ছে। চিচিড়া এলাকার এক বাসিন্দা বলেন, চেকপোস্টে পুলিস আলুবোঝাই বড় লরি আটকে দিচ্ছে ঠিকই। কিন্তু ছোট গাড়ি আলুবোঝাই করে সীমানা পেরিয়ে যাচ্ছে। উপর মহলের নির্দেশ কার্যকর হচ্ছে না নিঁচু তলার কিছু পুলিসের মদতে। জেলার অতিরিক্ত পুলিস সুপার(হেড কোয়ার্টার) সৈয়দ এম এম হাসান বলেন, এই বিষয়ে আমার কাছে কোনও খবর নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।
সম্পর্কিত সংবাদ