Bartaman Logo
১ আগস্ট, ২০২৬

দোলে মুসলিমদের বাড়ির বাইরে পা না রাখার নিদান বিজেপি বিধায়কের

এবছর শুক্রবার দোলযাত্রা পড়েছে। ওই দিন মুসলিমদের বাড়ির বাইরে না বেরোনোর ‘আবেদন’ করলেন বিহারের এক বিজেপি বিধায়ক।

দোলে মুসলিমদের বাড়ির বাইরে পা না রাখার নিদান বিজেপি বিধায়কের
  • ১০ মার্চ, ২০২৫ ১৬:০৩
Prefer us on Google

পাটনা, ১০ মার্চ: এবছর শুক্রবার দোলযাত্রা পড়েছে। ওই দিন মুসলিমদের বাড়ির বাইরে না বেরোনোর ‘আবেদন করলেন বিহারের এক বিজেপি বিধায়ক। তাঁর বক্তব্য, হিন্দুদের নির্বিঘ্নে উৎসব পালনে ওই দিন মুসলিমদের বাড়ির বাইরে পা না রাখাই শ্রেয়। এর ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। পদ্ম পার্টির বিধায়কের এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই দেখা দিয়েছে বিতর্ক। দোলে মুসলিমদের নিয়ে বিজেপি বিধায়ক এত চিন্তিত কেন? পাল্টা প্রশ্ন তুলেছে আরজেডি-ও।

Advertisement

বিদ্বেষমূলক মন্তব্যের জন্য এর আগেও একাধিকবার সংবাদ শিরোনামে এসেছেন মধুবনী জেলার বিসফি কেন্দ্রের বিধায়ক হরিভূষণ ঠাকুর বাচৌল। আজ, সোমবার বিহার বিধানসভা চত্বরে সাংবাদিকদের এই বিজেপি নেতা বলেন, ‘বছরে ৫২টি জুম্মা (শুক্রবার) থাকে। এবছর এমনই এক দিনে দোল পড়েছে। আমি মুসলিমদের আবেদন করতে চাই, তাদের উচিত হিন্দুদের উৎসব পালন করতে দেওয়া। কোনও কারণে গায়ে রঙ পড়লে তাঁরা যেন রাগ না করেন। যদি তাঁদের এতে সমস্যা থাকে তাহলে তাঁরা ঘরের বাইরে বেরোবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য এটা খুবই জরুরি।

হরিভূষণ ঠাকুরের এহেন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন আরজেডি বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ইসরাইল মনসুরাই। তিনি বলেন, ‘উৎসব নিয়ে হিন্দু-মুসলিমদের মধ্যে কখনই কোনও বিরোধ নেই। হিন্দুরাও আমাদের ইফতার পার্টিতে যায়। তাহলে দোলে মুসলিমদের নিয়ে বিজেপি বিধায়কের এত চিন্তা কিসের জন্য? এই ধরনের লোকজন ক্ষুদ্র রাজনীতির স্বার্থে সাম্প্রদায়িক ঝামেলা উস্কে দেয় এবং নিজেদের সনাতন ধর্মের ধ্বজাধারী হিসেবে তুলে ধরার চেষ্টা করে।’ রাজ্যের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী তথা জেডিইউ নেতা আজমা খান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ‘হোলিতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না। উৎসবের মরশুমে সম্প্রতি বজায় রাখার জন্য প্রশাসনকে সমস্ত পদক্ষেপ নিতে বলা হয়েছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ