নাগোয়া: চার বছর আগে হাংঝউ এশিয়ান গেমসে সোনাজয়ী! চলতি এশিয়াডেও দাপটে অভিযান শুরু করল ভারতীয় পুরুষ হকি দল। রবিবার ইন্দোনেশিয়াকে ১৩-১ ব্যবধানে চূর্ণ করেছে হরমনপ্রীত-ব্রিগেড। দিলপ্রীতের একারই চার গোল। শিলানন্দ লাকরা ও সুখজিৎ সিং দু’টি করে লক্ষ্যভেদ করেন। এছাড়া স্কোরশিটে নাম তুলেছেন যথাক্রমে অভিষেক, রাজিন্দর, মনদীপ, জুগরাজ ও ক্যাপ্টেন হরমনপ্রীত। ইন্দোনেশিয়ার সান্ত্বনা গোলটি আওলিয়ার।
বিশ্ব হকি র্যাংকিংয়ে ভারতের স্থান অষ্টম। সেখানে ইন্দোনেশিয়া রয়েছে ৫৮ নম্বরে। তাই রবিবারের লড়াইটা ছিল একেবারে অসম। গোটা ম্যাচে সেটাই বোঝালেন হরমনপ্রীতরা। ষষ্ঠ মিনিটেই লিড নেয় ভারত। ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অভিষেক। ১৮ মিনিটের অভিষেকের বাড়ানো বল থেকে ৩-০ করেন দিলপ্রীত। এই পর্বে সব বিভাগেই রীতিমতো দাপট দেখায় টিম ইন্ডিয়া। পরের মিনিটে আবারও স্কোরশিটে নাম তোলেন দিলপ্রীত। ৫-০ করেন রাজিন্দর। এরপর রীতিমতো গোলের বন্যা বইতে থাকে। শেষ পর্যন্ত ইন্দোনেশিয়াকে ১৩ গোলের মালা পরিয়ে থামে ফুলটনের ছেলেরা। ২৭ মিনিটে ক্যাপ্টেন হরমনপ্রীত পেনাল্টি স্ট্রোক মিস না করলে ব্যবধান আরও বাড়তে পারত।
ভারতের মহিলা দল ছিল আরও ভয়ংকর মেজাজে। রবিবার পুল বি’র ম্যাচে উজবেকিস্তানকে ১৯ গোলের মালা পরিয়ে অভিযান শুরু করল তারা (১৯-০)। দীপিকা শেরওয়াত একাই আট গোল করেছেন। এশিয়ান গেমসের ম্যাচে কোনো ভারতীয় মহিলার এটাই সেরা পারফরম্যান্স। পাশাপাশি হ্যাটট্রিক করেন ঈশিকা চৌধুরি। নবনীত ও লালথানটলুয়াঙ্গির জোড়া গোল। এছাড়া স্কোরশিটে নাম তোলেন লালরেমসিয়ামি, বলজিৎ কাউর, নেহা ও সাক্ষী। সোমবার দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে নামবে ভারতের প্রমীলা ব্রিগেড।