পাটনা: কয়েক মাস পরেই গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে সামিল হবে বিহার। তার আগে বড় সিদ্ধান্ত রাষ্ট্রীয় জনতা দল-এ। বিহারের প্রাক্তন মন্ত্রী তথা ছেলে তেজ প্রতাপকে দল থেকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন আরজেডি সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব।
রবিবার একটি বিবৃতিতে লালু জানান, তার বড় ছেলেকে এখন থেকে আর দলের অংশ হিসেবে বিবেচনা করা হবে না এবং তেজ প্রতাপের সঙ্গে থাকা লোকেদেরও 'নিজের সিদ্ধান্ত নেওয়ার' পরামর্শ দিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় লালু লিখেছেন, ‘ব্যক্তিগত জীবনে নৈতিক মূল্যবোধের অবহেলা সামাজিক ন্যায়বিচারের জন্য আমাদের সম্মিলিত সংগ্রামকে দুর্বল করে দেয়। আমার বড় ছেলের কর্মকাণ্ড, জনসমক্ষে তাঁর আচরণ এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ আমাদের পারিবারিক মূল্যবোধ এবং সংস্কারের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। উপরোক্ত পরিস্থিতির কারণে, আমি তাকে দল এবং পরিবার থেকে বহিষ্কার করছি। এখন থেকে দল এবং পরিবারে তার কোনও ভূমিকা থাকবে না। তাকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। সে তার ব্যক্তিগত জীবনের ভালো-মন্দ এবং দোষ-গুণের বিচার করতে সক্ষম। কার সঙ্গে সে সম্পর্ক রাখবে, তা তার নিজেরই বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
উল্লেখ্য, শনিবারই তেজ প্রতাপ যাদব ফেসবুক পোস্টে অনুষ্কা যাদব নামে এক তরুণীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা জানান। কিন্তু বিষয়টি ভাইরাল হতেই, তিনি দাবি করেন তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। যদিও দেখা যাচ্ছে তাতে চিঁড়ে ভেজেনি। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ নিলেন স্বয়ং লালু যাদব।