পার্ক সার্কাস সেভেন পয়েন্টে নিজের হাতে রাস্তায় আলপনা অগ্নিমিত্রার
  • ১০ অক্টোবর, ২০২৬ ১৪:১৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহালয়ার সকালে নিজের হাতে রাস্তায় আলপনা আঁকলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শনিবার পার্ক সার্কাসের সেভেন পয়েন্টে তাঁর উদ্যোগেই সুবিশাল এই আলপনা আঁকা হয়। সেখানেই আজ সকালে তাঁকে লাল পাড় সাদা শাড়ি পরে তুলিতে টান দিতে দেখা গেল।

Advertisement

পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন, তার আগেই সেজে উঠছে তিলোত্তমা। পাল্টেছে রাস্তার ধারে গার্ড রেলের রং। হলুদ-সাদা-কালোয় সেজে উঠছে শহর। সেখানেই শনিবার সকাল সকাল লাল-সাদা রঙে পার্ক সার্কাসের সেভেন পয়েন্টকে সাজিয়ে তোলা হলো আলপনায়। এদিন সকলকে সমাজ মাধ্যমে পোস্ট করে পুরমন্ত্রী বলেন, মা দুর্গার আগমনে সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।

কলকাতার ব্যস্ততম এই রাস্তা, যা আগে অনেক অশান্তির ছবি দেখেছে। অবরোধ দেখেছে। সেখানেই আলপনা দিয়ে পুরমন্ত্রীর ‘শান্তির বার্তা’। এছাড়াও মন্ত্রীর আর্জি, ‘যাঁরা পার্ক সার্কাস সেভেন পয়েন্ট দিয়ে যাবেন, তাঁরা এই আলপনা দেখে যাবেন। এখানে আজ পর্যন্ত এত বড় আলপনা কেউ করেননি।’