মানিকতলা ইএসআইয়ে মৃতের শরীর খুবলে খেল ইঁদুর, গঠিত তদন্ত কমিটি
  • ১০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মৃতের শরীর খুবলে খেল ইঁদুর! ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে মানিকতলা ইএসআই হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, সম্ভবত শুক্রবার সকালে ঘটনাটি ঘটে। নেফ্রোলজির এক চিকিৎসকের অধীনে ৮ অক্টোবর থেকে ভরতি ছিলেন (বেড নং এফএসডব্লু ১০৮) আল্পনা দে নামে ওই রোগী। এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ তিনি মারা যান। স্টেজ ফাইভ কিডনির অসুখে ভুগছিলেন। গত চার বছর ধরে এখানেই চিকিৎসা চলছিল তাঁর। ডায়ালিসিস চলছিল। অভিযোগ, মারা যাওয়ার পর তাঁর দেহ অরক্ষিত অবস্থায় ওয়ার্ডেই পড়েছিল। ওই সময় ঘটনাটি ঘটে। পরে দেখা যায়, মৃতদেহের চোখ ও মুখের বিভিন্ন অংশ খুবলানো। ইঁদুর ক্ষতবিক্ষত করে দিয়েছে। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে শ্রমদপ্তরের অধীন এই হাসপাতাল কর্তৃপক্ষের দিকে। রোগী মৃত অবস্থায় ওয়ার্ডে পড়ে থাকবে আর দেহ খুবলে খাবে ইঁদুর, সভ্য সমাজে এই ঘটনা ঘটে কীভাবে—প্রশ্ন উঠেছে। সেই সময় কী করছিলেন ওয়ার্ডে উপস্থিত চিকিৎসক, নার্স, কর্মীরা? বিষয়টি নিয়ে শ্রমমন্ত্রী অর্জুন সিং বলেন, ‘ঠিক ওরকম নয় ঘটনাটি।’ তাঁর দাবি, ‘মৃতদেহ খুবলে খায়নি ইঁদুর। তবে কামড়ে দেওয়ার কথা শুনেছি। ওই হাসপাতালের বাড়ির পাশেই কবরস্থান। সেখান থেকে ইঁদুর আসে। হাসপাতালের ফলস সিলিংয়ে ঘোরাফেরা করে। ওই বাড়িটির সংস্কার প্রয়োজন। বর্তমানে ভগ্নদশা হয়ে আছে। হাসপাতালের কর্তাদের বলেছি, নতুন বাড়ি তৈরি করতে হবে। তাহলে আশা করি, এই ধরনের সমস্যা মিটবে।’ হাসপাতাল সূত্রে খবর, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটল, ময়না তদন্তের রিপোর্টরে সঙ্গে তা মিলিয়ে দেখতে বলা হয়েছে তদন্তকারীদের। গাফিলতি বা ত্রুটিবিচ্যুতি আছে কি না, তাও দেখতে বলা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে হবে। ওই ওয়ার্ডের সিস্টার ইন চার্জ, মেট্রন ইন চার্জ এবং নাইট ডিউটি সিস্টারকে শোকজ করা হয়েছে।  

Advertisement