Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিস কর্তার নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে আসবাব বিক্রির বিজ্ঞাপন, প্রতারিত দুই

বিধাননগরের ডেপুটি পুলিস কমিশনারের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে আসবাবপত্র বিক্রির পোস্ট করেছিল প্রতারকরা। বদলি হয়ে যাচ্ছেন, তাই বাড়ির সমস্ত আসবাব ও ইলেকট্রনিক্স জিনিসপত্র বিক্রি করে দেবেন বলে পোস্ট করেছিল তারা।

পুলিস কর্তার নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে আসবাব বিক্রির বিজ্ঞাপন, প্রতারিত দুই
  • ৭ মার্চ, ২০২৫ ১৭:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বিধাননগরের ডেপুটি পুলিস কমিশনারের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে আসবাবপত্র বিক্রির পোস্ট করেছিল প্রতারকরা। বদলি হয়ে যাচ্ছেন, তাই বাড়ির সমস্ত আসবাব ও ইলেকট্রনিক্স জিনিসপত্র বিক্রি করে দেবেন বলে পোস্ট করেছিল তারা। সেই পোস্ট দেখে আসবাবপত্র কিনতে গিয়ে প্রতারিত হয়েছিলেন দু’জন। ওই ঘটনার তদন্তে নেমে রাজস্থান থেকে এক অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল বিধাননগর পূর্ব থানার পুলিস। ধৃতকে জেরা করে এই চক্রে যুক্ত বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।

Advertisement

পদস্থ পুলিস অফিসার, প্রশাসনের আধিকারিকদের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে মেসেঞ্জারে টাকা আদায় করার ঘটনা বহু ঘটেছে। তবে, ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে আসবাবপত্র বিক্রির বিজ্ঞাপনমূলক পোস্ট কার্যত নতুন। এর আগে প্রতারকরা সেনা জওয়ানদের নামে জিনিসপত্র বিক্রির নামে প্রতারণা করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বিধাননগরের ডেপুটি পুলিস কমিশনার পদে রয়েছেন অনীশ সরকার। তাঁর নামেই ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিল প্রতারকরা। যে দু’জন ব্যক্তি প্রতারিত হয়েছেন, তাঁরা জানতেন না ওই অ্যাকাউন্টটি ভুয়ো। তাই আসবাবপত্র বিক্রি দেখেই উৎসাহ প্রকাশ করেছিলেন। ওই পোস্টে প্রতারকরা নিজেদের একটি মোবাইল নম্বর দিয়েছিল। বিষয়টি নজরে আসার পর বিধাননগরের সোশ্যাল মিডিয়া সেল থেকে অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নামে বিধাননগর পূর্ব থানার পুলিস। তদন্তে পুলিস জানতে পারে, ফেসবুকে দেওয়া ওই মোবাইল নম্বরে যোগাযোগ করেছিলেন দু’জন। তাঁরা আসবাবপত্র কিনতে গিয়ে প্রতারিত হয়েছেন। দু’জন প্রায় দেড় লক্ষ টাকা খুইয়েছেন। সম্প্রতি, পুলিস জানতে পারে, রাজস্থান থেকেই প্রতারণার ঘটনাটি ঘটেছিল। বিধাননগর পূর্ব থানার একটি টিম রাজস্থানে গিয়ে অভিযান চালায়। সেখান থেকে শেখ সাবির খান নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। বাকিদেরও খোঁজ চলছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ