সংবাদদাতা, বজবজ: রাজ্য সরকারের তরফে বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য ‘সারথি’ প্রকল্পে নতুন সাইকেল পাঠানো হয়েছে। অভিযোগ, কোথাও কোথাও সেই সব সাইকেল ফিটিংয়ের পর খোলা আকাশের নীচে ফেলে রাখা হয়েছে। টানা বর্ষণের মধ্যে সাইকেলগুলি পড়ে থেকে নষ্ট হওয়ার উপক্রম। বজবজ পুরসভার ভিতর এমনভাবেই বহু সাইকেল পড়ে রয়েছে। বিজেপির রাজ্য মহিলা মোর্চা নেত্রী ও বজবজবাসী সবিতা চৌধুরী এনিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর প্রশ্ন, খোলা জায়গার পরিবর্তে সাইকেলগুলি কি ঢাকা দিয়ে রাখা যেত না? সাইকেলগুলি দুর্দশার ছবি তুলে তিনি সমাজমাধ্যমে পোস্ট করে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং উমেশ রাইয়ের নজরে এনেছেন বিষয়টি। বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত বলেন, ‘আমার এখানে শেড দেওয়া এতটা জায়গা নেই। তাছাড়া এভাবে না জেনে একটা বক্তব্য বলে দিলে হয় না। সরকারি নিয়ম জানতে হয়। ১০ দিন আগে সাইকেল এসেছে। যারা সাইকেল দিচ্ছে, তারা আগে এর পার্টস পাঠিয়ে দেয়। তারপর তাদের মিস্ত্রিরা এসে যন্ত্রাংশ জুড়ে সাইকেল তৈরি করে। সময় লাগে। এরপর স্কুলে স্কুলে যাচাই করতে হয়। আগামী ২৯ সেপ্টেম্বর স্কুলগুলিতে সাইকেল বিলি হবে।’ গৌতমবাবুর দাবি, বিষ্ণুপুরেও খোলা জায়গায় সাইকেল পড়ে রয়েছে। একাধিক পুরসভা ও পঞ্চায়েতে কমবেশি একই অবস্থা। নিজস্ব চিত্র



