নিজস্ব প্রতিনিধি, বরানগর: রবিবার সন্ধ্যায় বরানগরের নোয়াপাড়া মেট্রো স্টেশনের সামনে ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম প্রেমনাথ মালো (২২)। তাঁর বাড়ি নোয়াপাড়া মেট্রো স্টেশন লাগোয়া ইন্দিরানগরে। এলাকাবাসীর অভিযোগ, ওই জায়গায় রাস্তা দখল করে থাকে বাইক ও সাইকেলের স্ট্যান্ড। ফলে ওই রাস্তা অপরিসর হয়ে পড়েছে। যে কারণে এই দুর্ঘটনা। স্ট্যান্ড সরানোর দাবি জানিয়ে তাঁরা বিভিন্ন জায়গায় চিঠি দিলেও কোনো লাভ হয়নি। আগেও পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে।
প্রেমনাথ একটি অনলাইন বাণিজ্যিক সংস্থায় করণিকের কাজ করতেন। রবিবার তাঁর বাইকটি সার্ভিস করতে দিয়েছিলেন। সেখান থেকে বাইক নিয়ে সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় নোয়াপাড়া মেট্রো স্টেশনের সামনে দিয়ে অত্যন্ত ধীরগতিতে একটি মাটি বোঝাই ট্রাক যাচ্ছিল। রাস্তার দু’ধারে বাইক ও সাইকেল স্ট্যান্ড থাকায় প্রেমনাথ ট্রাকটিকে ওভারটেক করতে পারছিলেন না। খানিকটা এগনোর পর ফাঁকফোকর পেয়ে বাইকের গতি বাড়িয়ে ট্রাককে ওভারটেকের চেষ্টা করেন তিনি। তখন রাস্তার ধারে থাকা একটি বাইকে টোকা লাগলে যুবক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে পড়ে যান। এই অবস্থায় ট্রাকের চাকায় পিষে যান তিনি। স্থানীয়রা দ্রুত তাঁকে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
নোয়াপাড়া মেট্রো স্টেশনের পাশ দিয়ে গিয়েছে রেললাইন। সেই রেল লাইনের পাড়েই রয়েছে শান্তিপল্লি ও ইন্দিরানগর কলোনি। তার মাঝখান দিয়ে গিয়েছে এ কে মুখার্জি রোড। যেটি প্রমোদনগরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে এসে মিশেছে। অন্যান্য গাড়ির পাশাপাশি এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি আবর্জনা ফেলতে যায় ডাম্পিং গ্রাউন্ডে। অথচ, মেট্রো স্টেশন লাগোয়া এই রাস্তায় গজিয়ে উঠেছে সাইকেল ও বাইক স্ট্যান্ড। ফলে সাধারণ মানুষের যাতায়াত করাই দায় হয়ে উঠেছে। সব জেনেও পুলিশ ও প্রশাসন হাত গুটিয়ে বসে আছে বলে অভিযোগ। মৃত যুবকের জামাইবাবু সুমিত বিশ্বাস বলেন, এভাবে দুর্ঘটনা ঘটতে পারে, আমরা বিশ্বাস করতে পারছি না। রাস্তার উপর সাইকেল ও বাইকের স্ট্যান্ড না থাকলে এমন মর্মান্তিক পরিণতি হত না। রাস্তা দখল করে রাখা সাইকেল-বাইক।-নিজস্ব চিত্র