Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোটার-মন বুঝতে সমীক্ষা তৃণমূলের, পর্যবেক্ষকদের কাছে রিপোর্ট তলব

ভোটার-মন বুঝতে সমীক্ষা তৃণমূলের, পর্যবেক্ষকদের কাছে রিপোর্ট তলব
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: তালডাংরা উপ নির্বাচনের মুখে ভোটারদের ‘মন বুঝতে’ এবার বুথস্তরে সমীক্ষা শুরু করল তৃণমূল কংগ্রেস। সদ্য বেশ কয়েকজন জেলা নেতাকে শাসকদলের তরফে তালডাংরায় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। আজ, সোমবার থেকে তাঁরা অঞ্চলে অঞ্চলে কাজ শুরু করবেন। তাঁদের কাছ থেকেই এব্যাপারে দল রিপোর্ট সংগ্রহ করবে। ভোটের আগে কোথাও সংগঠনে খামতি রয়েছে কিনা তা খোঁজ নেওয়া হবে। পাশাপাশি ভোটারদের কাছে রাজ্য সরকারের উন্নয়নের যাবতীয় তথ্য ও পরিসংখ্যান তুলে ধরার জন্যও নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে তৃণমূল। 
Advertisement
তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, উৎসব চলায় গত কয়েকদিন প্রচার সেভাবে হয়নি। তবে আজ, সোমবার থেকে প্রচারে ঝাঁপানোর জন্য দল ও শাখা সংগঠনের নেতানেত্রীদের বলা হয়েছে। পর্যবেক্ষকরাও এদিন থেকে কাজ শুরু করবেন। তাঁরা বুথস্তর ও অঞ্চল সভাপতিদের কাছ থেকে রিপোর্ট নেবেন। কোথাও প্রচারে খামতি হচ্ছে কিনা তা তাঁরা ঘুরে ঘুরে দেখবেন। প্রয়োজনে প্রার্থীকে নিয়ে সংশ্লিষ্ট জায়গায় আমরা প্রচার চালাব। যে কোনও ভোটের আগে একটা ধারণা পেতে ভোটারদের মন বোঝা জরুরি। সেই কাজ শুরু হচ্ছে। ভোটের প্রচারের জন্য মেরেকেটে হপ্তাখানেক সময় পাওয়া যাবে। তারমধ্যেই আমাদের দলের প্রার্থী যত বেশি সম্ভব এলাকায় পৌঁছনোর চেষ্টা করছেন।
রবিবার তৃণমূল, বিজেপি, সিপিএম ও কংগ্রেস ভাইফোঁটার মাধ্যমে তালডাংরায় জনসংযোগ সারে। এদিন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু ওই বিধানসভা এলাকার ১১টি জায়গায় গিয়ে ফোঁটা নিয়েছেন। বিকেল নাগাদ তালডাংরা বাজারে তিনি কিছুক্ষণ প্রচার সারেন। তৃণমূল প্রার্থী বলেন, ভাইফোঁটায় সবাই ব্যস্ত ছিলেন। ফলে প্রচার কর্মসূচি এদিন সেভাবে রাখিনি। বহু জায়গা থেকে বোনেরা আমাকে ফোঁটা দেওয়ার জন্য ডেকেছিল। ১১টি জায়গায় যেতে পেরেছি। বিকেলে তালডাংরায় প্রচার করি। 
এদিন সকালে তালডাংরায় দলের নির্বাচনী কার্যালয়ে বিজেপির তরফে ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল। সেখানে তালডাংরার বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী ও দলের নেত্রী লকেট চট্টোপাধ্যায় নেতাদের ফোঁটা দেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্রমণ্ডল সহ অন্যান্য নেতা ও জনপ্রতিনিধিরা এদিন ফোঁটা নেন। অনন্যাদেবী বলেন, সকালে ভাইফোঁটার মাধ্যমে জনসংযোগ সেরেছি। দলের নেতাদের পাশাপাশি অনেক সাধারণ মানুষকেও এদিন ফোঁটা দিয়েছি। এদিন বিকেলে আমরা সিমলাপাল ব্লকের বিক্রমপুর অঞ্চলে পিকআপ ভ্যানে চেপে প্রচার করেছি। 
সিপিএমের তরফে এদিন সিমলাপালের লক্ষ্মীসাগরে গণ ভাইফোঁটার আয়োজন করা হয়। সিপিএম নেত্রী ও কর্মীরা অনেককে ফোঁটা দেন। সেখানে দলের প্রার্থী দেবকান্তি মোহান্তি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেবকান্তিবাবু বলেন, ভাইফোঁটা পর্বের পর এদিন আমরা লক্ষ্মীসাগর অঞ্চলেই প্রচার সেরেছি। কংগ্রেস প্রার্থী তুষারকান্তি ষন্নিগ্রহী বলেন, ভাইফোঁটার মাধ্যমে আমরাও জনসংযোগ সেরেছি। হাত প্রতীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে এদিন বাড়ি বাড়ি প্রচারও করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ