নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রবিবার ভাতারের সেলেন্ডায় ট্রাক্টরের ধাক্কায় তৃতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুনীল টুডু(৯)। সে সাইকেল চালিয়ে মুদিখানায় যাচ্ছিল। সেইসময় একটি ধানবোঝাই ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। মাথায় চোট পাওয়ায় স্থানীয় বাসিন্দারা তাকে তড়িঘড়ি উদ্ধার করে ভাতার হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। হাসপাতাল যাওয়ার পথেই মৃত্যু হয় সুনীলের। পুলিস মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, ধানবোঝাই ট্রাক্টরগুলির দাপটে এখন গ্রামের রাস্তায় চলাফেরা করাই দায় হয়ে উঠেছে। বেপরোয়াভাবে ট্রাক্টর চালানোর জন্য অনেক সময় দুর্ঘটনা ঘটছে।



