সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়ি শহরে যৌনকর্মীদের নাম ভোটার তালিকায় তোলার কাজ শুরু হল। শনিবার খালপাড়ায় সামসিয়া হাইমাদ্রাসা স্কুলে এই সরকারি কর্মসূচিতে প্রায় ১৫০জন যৌনকর্মী তাদের নাম নথিভুক্ত করান। যৌনকর্মীরা বলেন, অনেক দিন ধরে ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণের চেষ্টা চালিয়ে এসেছি। নথি সংক্রান্ত কিছু কারণে ভোটার তালিকায় আমাদের নাম তোলা যাচ্ছিল না। অবশেষে সরকারি উদ্যোগে তা বাস্তবায়িত হওয়ায় আমরা খুশি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার অনুপকুমার আগরওয়াল, শিলিগুড়ি মহকুমাশাসক অবধ সিঙ্ঘল। ডিভিশনাল কমিশনার বলেন, এই কর্মসূচি প্রত্যেক বছরই নেওয়া হয়। নতুন ভোটার ও বাদ যাওয়া ভোটারদের নাম নথিভুক্ত করার জন্য এই শিবির বসে। যৌনকর্মীদের সঙ্গে তৃতীয় লিঙ্গ ও গৃহহীনদের জন্য বিশেষ ক্যাম্প করে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা হচ্ছে।



