Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোটার তালিকায় নাম তুলে ফল বদল! অভিযোগ মলয়ের

ভোটার তালিকায় নাম তুলে ফল বদল! অভিযোগ মলয়ের
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সভায় শনিবার যোগ দেন শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। তিনি বলেন,  ‘এখন অনলাইনে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ আছে। মহারাষ্ট্রে ভোটের আগে পাঁচ মাসে ৫৫ লক্ষ নাম তুলেছিল বিজেপি, আরএসএস কর্মী সমর্থরা। পাশের রাজ্যের বাসিন্দারা কোনওভাবে শংসাপত্র জোগাড় করে এই কাজ করেছিল। নির্বাচনের দিন ট্রেনে বাসে করে এসে ভোট দিয়ে ফল পাল্টে দিয়েছিল। আমি নিশ্চিত দিল্লির ক্ষেত্রেও তা ঘটেছে। পাশের রাজ্য থেকে বিজেপির লোক নাম তুলে ভোট দিয়ে ফল হেরফের করে দিয়েছে’। 
Advertisement
রবীন্দ্রভবনে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আপ নেতা সঞ্জয় সিং সংসদে জানিয়েছিলেন দিল্লির ভোটার সংখ্যা বেড়ে যাওয়ার ট্রেন্ড হঠাৎ দেখা যাচ্ছে। নিশ্চয়ই তারা এবিষয়ে আরও বিস্তারিত জানাবেন। আসানসোল জেলা গ্রন্থাগারে এদিনের কর্মসূচিতে মন্ত্রী মলয়বাবু রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের গুরুত্ব তুলে ধরে ভোটার তালিকায় কারচুপি ঠেকানোর ভার তাঁদের উপর দেন। তিনি বলেন, একটি সরকারের যদি চারটে পিলার থাকে। তারমধ্যে একটা পিলার কর্মচারীদের সংগঠন। আপনাদেরই এই কাজ আটকাতে হবে। তিনি নিজের বিধানসভা এলাকাতেও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আমার বিধানসভা এলাকাতেও এক লক্ষ ভোটার বেড়েছে। আপনাদের দেখতে হবে সঠিকভাবে সঠিক মানুষ ভোটার তালিকায় নাম তুলছেন কি না। 
মন্ত্রী আরও বলেন, বামেদের শেষ ১০ বছর শাসন করার পিছনে কো-অর্ডিনেশনের বড় ভূমিকা ছিল। বাম আমলে ভোটের কারচুপিতে রাজ্য সরকারের কর্মচারীদের অবদানের একটি ঘটনা মন্ত্রী তুলে ধরেন। তারপর বলেন, আপনাদের আমরা আমাদের হয়ে চুরি করতে বলছি না। কিন্তু, চুরি আটকাতে হবে। মানসরঞ্জন ভুঁ‌ইয়ার নেতৃত্বে আপনারা সেই কাজ সঠিকভাবে করবেন বলে আমি আশা করি।
এদিকে, দিল্লিতে বিজেপি জয়লাভ করায় এদিন শিল্পাঞ্চলে গেরুয়া আবির খেলে মিষ্টি বিলি করেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পল। তিনি বলেন, দিল্লিতে মোদি ম্যাজিক কাজ করেছে। আমি নিজে প্রচারে গিয়েই তা বুঝতে পেরেছিলাম। 
Advertisement
সম্পর্কিত সংবাদ