নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ভোটার তালিকা নিয়ে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করেছিলেন। বিজেপি ২০২৬সালের ভোটে জিততে সেই তালিকায় কারচুপি করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। বিষয়টি স্থানীয় স্তরে ভালোভাবে দেখতে দলীয় কর্মীদের নির্দেশও দিয়েছেন। তাঁর নির্দেশমতো তৃণমূল ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে। শনিবার কল্যাণীতে শাসকদলের রানাঘাট সাংগঠনিক জেলার বর্ধিত কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠকে মূলত স্থানীয় স্তরে ভোটার তালিকায় তীক্ষ্ম নজর রাখা নিয়েই আলোচনা করা হয়। শাসকদলের জেলাস্তরের পদাধিকারীদের পাশাপাশি ব্লক, শহর, এমনকী বুথস্তরের নেতৃত্বও এদিনের বৈঠকে হাজির ছিলেন। বিধায়ক সহ তৃণমূলের অন্য জনপ্রতিনিধিরাও ছিলেন। বৈঠকে জেলাস্তরের নেতারা নিচুতলার কর্মীদের দলের নির্দেশ সম্পর্কে অবহিত করেন। এলাকাভিত্তিক ভোটার তালিকায় কী সংশোধন হচ্ছে, যে সমস্ত নতুন ভোটারের নাম উঠছে, তাঁরা বৈধ ভোটার কিনা-সেসব খতিয়ে দেখতে বলা হয়েছে। কর্মীদের বলা হয়েছে, কারও নাম অনৈতিকভাবে ভোটার তালিকা থেকে বাদ গেল কিনা-সেটাও সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। যদি কোথাও গরমিল পাওয়া যায়, তাহলে দলীয়ভাবে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।
Advertisement
তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, নিচুতলার নেতাকর্মীদের কাছে দলের নির্দেশ পৌঁছে দেওয়াই বৈঠকের উদ্দেশ্য ছিল। কার কার নাম উঠছে, কার নাম বাদ যাচ্ছে-তা খেয়াল রাখতে হবে। কারণ দলনেত্রী যে সংশয় ব্যক্ত করেছেন, তা অমূলক নয়। দলীয়ভাবে কী পথে এগোতে হবে-বৈঠকে তার ‘প্ল্যান অব অ্যাকশন’ তৈরি করা হয়েছে।



