Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোটার লিস্টে নাম তোলার হিড়িক সীমান্তে

ভোটার লিস্টে নাম তোলার হিড়িক সীমান্তে
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সন্দীপন দত্ত, মালদহ: ওপার বাংলায় অস্থিরতার প্রভাব এপারে। অশান্ত বাংলাদেশ ছেড়ে সম্প্রতি এদেশে এসে গা ঢাকা দেওয়ার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এবার পুলিস ও প্রশাসনের কপালে ভাঁজ ফেলছে অন্য একটি ঘটনা। ভারতের ভোটার তালিকায় নাম তোলার হিড়িক পড়েছে বাংলাদেশ সীমান্তবর্তী মালদহের বিধানসভাগুলিতে।  প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত জেলায় মোট আবেদন পড়েছে ৪৪ হাজার ২২৯ টি। যারমধ্যে সীমান্তবর্তী বিধানসভাগুলিতে আবেদনের সংখ্যা ১৪ হাজার ২৩৯টি। যা রীতিমতো ভাবাচ্ছে প্রশাসন ও গোয়েন্দাদের। হঠাত্ করে আবেদনের বহর দেখে তাঁদের একাংশ মনে করছেন, বাংলাদেশিরা এদেশের ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করছে।
Advertisement
মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া বলেন, ভোটার তালিকায় যাতে কোনওভাবেই উপযুক্ত নথিপত্র ছাড়া নাম না ওঠে সেবিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা চাইছি ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করতে।
সীমান্ত লাগোয়া মালদহ ও ইংলিশবাজার বিধানসভায় ৩ হাজার ৪৫৪ টি এবং ৩ হাজার ৫৬৫টি ভোটার তালিকায় নাম তোলার আবেদন জমা পড়েছে। গোয়েন্দাদের সন্দেহ বিভিন্ন কৌশলে এই সমস্ত এলাকার ভোটার তালিকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা নাম তুলতে পারে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকায় নাম তোলার জন্য প্রথমেই প্রয়োজন সংশ্লিষ্ট আবেদনকারী যে এলাকার বাসিন্দা হিসেবে দাবি করছেন, তার প্রমাণপত্র। এরপর প্রয়োজন বয়সের প্রমাণ। অনুপ্রবেশের আশঙ্কায় প্রতিটা আবেদন এবং সব নথি খুঁটিয়ে দেখা হচ্ছে। সন্দেহজনক কিছু দেখলেই সেই আবেদন বাতিল করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। অনুপ্রবেশকারীরা যাতে কোনওভাবেই এদেশের ভোটার তালিকায় নাম তুলতে না পারে তার জন্য বাড়তি সতর্ক প্রশাসন। ইতিমধ্যে প্রচুর আবেদন বাতিল করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বহু ক্ষেত্রেই ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদনকারীরা বেশকিছু প্রয়োজনীয় নথিপত্র দিতে পারেননি। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে উপযুক্ত নথিপত্র ছাড়াই এতো আবেদন কেন?
নভেম্বর মাসে ভোটার তালিকায় নাম তোলার কাজ শুরু হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। ছ’নম্বর ফর্ম পূরণ করে তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে হয়। মালদহে এখন পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলার যা আবেদন জমা পড়েছে, তারমধ্যে সীমান্তবর্তী হবিবপুর ব্লকেই ৩ হাজার ৯৭৭ টি। এই ব্লকেই সীমান্তের ২৯.৩০ কিলোমিটার অংশ উন্মুক্ত। বৈষ্ণবনগর বিধানসভায় ভোটার তালিকায় নাম তোলার জন্য ৩ হাজার ২৫২ টি আবেদন জমা পড়েছে। এই বিধানসভা এলাকাতেও ২.২৫ কিলোমিটার অংশে উন্মুক্ত সীমান্ত আছে। 
সম্পর্কিত সংবাদ