সংবাদদাতা, বর্ধমান: কিশোরীর শ্লীলতাহানি ও তাকে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে ভাতার থানার পুলিস। ধৃতের নাম জয়ন্ত দাসকৈবর্ত্য। ভাতার থানার মন্দারবাটি গ্রামে তার বাড়ি। বুধবার ভোরে ভাতার থানার ওড়গ্রাম বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পকসো অ্যাক্টে মামলা রুজু হয়েছে। ধৃতকে এদিনই বর্ধমানের পকসো আদালতে পেশ করা হয়। ধৃতকে দু’দিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন পকসো আদালতের বিচারক বর্ষা বনসল আগরওয়াল।
Advertisement
পুলিস জানিয়েছে, ভাতার থানা এলাকায় বছর পনেরোর ওই কিশোরীর বাড়ি। মঙ্গলবার বিকেলে কিশোরীর বাবা ও মা নিজেদের কাজে বাইরে গিয়েছিলেন। কিশোরী বাড়িতে একাই ছিল। বিকেলে জয়ন্ত বাড়িতে ঢুকে কিশোরীর শ্লীলতাহানি করে। কিশোরী তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। কোনও ক্রমে নিজেকে মুক্ত করে কিশোরী বাইরে চলে যায়। ভয় পেয়ে কিশোরীর বাড়ি থেকে পালিয়ে যায় অভিযুক্ত। তার আগে ঘটনার কথা কাউকে না জানানোর জন্য কিশোরীকে হুমকি দেয় সে। এমনকী, প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয়। বাবা-মা বাড়ি ফিরলে ঘটনার কথা কিশোরী তাঁদের জানায়। রাতেই তার বাবা থানায় অভিযোগ দায়ের করেন।



