সংবাদদাতা, বর্ধমান: কিশোরীকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভাতার থানার পুলিস। ধৃতের নাম বাপি যশ। ভাতার থানার নাসিগ্রামে তার বাড়ি। রবিবার সন্ধ্যায় মন্তেশ্বর থানার রাইগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে সোমবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। কিশোরী এবং ঘটনায় মূল অভিযুক্তের হদিশ পেতে ধৃতকে সাতদিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতের পাঁচদিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন সিজেএম। পুলিস জানিয়েছে, গত ১৩ অক্টোবর রাতে বাড়ি থেকে বের হয় বছর ষোলোর ওই কিশোরী। তারপর থেকে তার হদিশ মেলেনি। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, বাপি যশের ছেলে রাজীব কিশোরীকে অপহরণ করে আটকে রেখেছে। এরপরই কিশোরীর পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়।



