Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোটের বুথভিত্তিক রিপোর্ট তৈরি করতে সাংসদের ডাকা বৈঠকে দীর্ঘ আলোচনা

ভোটের বুথভিত্তিক রিপোর্ট তৈরি করতে সাংসদের ডাকা বৈঠকে দীর্ঘ আলোচনা
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: তালডাংরায় ভোটে বুথভিত্তিক রিপোর্ট তৈরি করতে উদ্যোগী হল তৃণমূল। কোন বুথে শাসক দল মোটামুটি কত ভোট পেতে পারে, সেব্যাপারে ঘাসফুল শিবিরের নেতারা আগাম আঁচ পেতে চাইছেন। সেই উদ্দেশ্যে শনিবার তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ অরূপ চক্রবর্তী একটি বৈঠক ডাকেন। সিমলাপাল ব্লক তৃণমূল কার্যালয়ে এদিন বিকেল থেকে ওই বৈঠক শুরু হয়ে রাত পর্যন্ত চলে। এদিনের বৈঠকে অরূপবাবু ছাড়াও তালডাংরা উপ নির্বাচনের তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ, অঞ্চল ভিত্তিক প্রচারের দায়িত্বে থাকা অবজারভার, অঞ্চল সভাপতি সহ অন্যান্য নেতানেত্রী ও জনপ্রতিনিধিরা অংশ নেন। এদিন শাসক দলের তরফে গণনারও প্রস্তুতি সারা হয়। ফলে এদিনের বৈঠকে জেলা নেতৃত্বের তরফে কাউন্টিং এজেন্টদেরও ডেকে পাঠানো হয়। আগামী ২৩ নভেম্বর সিমলাপাল মদনমোহন উচ্চ বিদ্যালয়ে ভোট গণনা হবে। তার আগে সব প্রস্তুতিই তৃণমূল নেতৃত্ব সেরে ফেলতে চাইছেন। 
Advertisement
উল্লেখ্য, তালডাংরা ব্লকের ছ’টি, সিমলাপালের সাত ও ইন্দপুর ব্লকের দু’টি গ্রাম পঞ্চায়েত নিয়ে তালডাংরা বিধানসভা গঠিত হয়েছে। ইন্দপুরের দুটি পঞ্চায়েত হল গৌড়বাজার ও ব্রজরাজপুর। তালাডাংরা ব্লকের যে ছ’টি ব্লক ওই বিধানসভা এলাকার মধ্যে রয়েছে সেগুলি হল, বিবড়দা, ফুলমতি, হারমাসরা, খালগ্রাম, পাঁচমুড়া ও তালডাংরা। অন্যদিকে, সমগ্র সিমলাপাল ব্লক ওই বিধানসভার অন্তর্গত। সেখানকার সাতটি পঞ্চায়েতই তালডাংরা বিধানসভার মধ্যে পড়ছে। পঞ্চায়েতগুলি হল, সিমলাপাল, লক্ষ্মীসাগর, মাচাতোড়া, পার্শ্বলা, মণ্ডলগ্রাম, দুবরাজপুর ও বিক্রমপুর। ওইসব পঞ্চায়েতে তৃণমূলের ভালো সংগঠন রয়েছে। তবে গৌড়বাজার ও ব্রজরাজপুরের একাধিক বুথে গত বিধানসভা ও লোকসভা ভোটে তৃণমূল কিছুটা ব্যাকফুটে ছিল। তালডাংরাতেও শাসক দলকে বেশ কিছু বুথে পিছিয়ে থেকে শেষ করতে হয়েছিল। বিজেপি ওইসব বুথে লিড পেয়েছিল। এবারের উপ নির্বাচনের আগে শাসক দলের তরফে ওইসব এলাকায় ‘ক্ষত’ মেরামতের চেষ্টা করা হয়। তবে ‘ঘরে-বাইরে’ রাজনৈতিক শত্রুদের মোকাবিলা করে তৃণমূল প্রার্থী ঠিক কতটা ভোট নিজের ঝুলিতে ভরতে পেরেছেন, তা শাসক দলের নেতারা ফল ঘোষণার আগেই টের পেতে চাইছেন।   
বিভিন্ন মহল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তৃণমূল নেতৃত্ব তালডাংরা উপ নির্বাচনে ১২-১৫ হাজার ভোটে জয়ের ব্যাপারে আশা করছেন। কেউ কেউ অবশ্য লিড ২০ হাজার ছাপিয়ে যাবে বলেও মনে করছেন। তবে ‘না আঁচালে বিশ্বাস নেই’ গোছের মনোভাব নিয়ে চলা নেতার সংখ্যাও ঘাসফুল শিবিরে নেহাত কম নয়। তাঁরা মাঠে-ময়দানে থাকা তৃণমূলের ‘ভোট ম্যানেজারদের’ মুখ থেকে প্রকৃত তথ্য সংগ্রহ করার উপরেই জোর দিয়েছেন। 
সম্পর্কিত সংবাদ