Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোটপট্টির ঘটনায় ৪৫০ জনের নামে মামলা দায়ের পুলিসের, গ্রেপ্তার ১৯

ভোটপট্টির ঘটনায় ৪৫০ জনের নামে মামলা দায়ের পুলিসের, গ্রেপ্তার ১৯
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: বুধবার ময়নাগুড়ির ভোটপট্টিতে পুলিসকে মারধর ও পুলিসের গাড়ি ভাঙচুরের ঘটনায় সুয়োমোটো মামলা রুজু করল ময়নাগুড়ি থানা। পুলিস সূত্রে জানা গিয়েছে, ৪৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইতিমধ্যেই ১৯ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। এলাকায় পুলিস পিকেটিং চলছে। টহল দিচ্ছে পুলিস ভ্যান। পুলিসের ধরপাকড়ের ভয়ে স্থানীয় লোকজন আতঙ্কে রয়েছে। বৃহস্পতিবারও বেশকিছু ব্যবসায়ী দোকানপাট খোলেননি। এককথায় থমথমে পরিস্থিতি ভোটপট্টিতে। অপরদিকে, শ্লীলতাহানির একটি অভিযোগ জমা পড়েছে ময়নাগুড়ি থানায়। ঘটনার তদন্ত চলছে বলে পুলিস জানিয়েছে। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোটপট্টির দুই বোন স্থানীয় বাজারে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে এক যুবক ছোট বোনের হাত ধরে টানাটানি করে এবং তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন আসতেই অভিযুক্ত চম্পট দেয়। 
অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয় মানুষ বুধবার সার্ক রোড অবরোধ করে। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ চলতে থাকে। অবরোধ তুলতে এলে বাধার মুখে পড়ে পুলিস। ক্ষিপ্ত জনতা পুলিসের উপর হামলা চালায়। কাচের বোতল, পাথর ছোড়ে। এতে কয়েকজন পুলিস কর্মী জখম হন। দু’টি পুলিস ভ্যান ভাঙচুর করা হয়। একটি গাড়ি উল্টে দেওয়া হয়। জনতার রোষে পিছু হটতে বাধ্য হয় পুলিস। যদিও পরবর্তীতে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিস কাঁদানে গ্যাসের শেল ফাটায়। 
পুলিসের উপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে বিকাল থেকে শুরু হয় ধরপাকড়। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, ৪৫০ জনের বিরুদ্ধে সুয়োমোটো মামলা রুজু হয়েছে। প্রত্যেকের খোঁজ চলছে। বর্তমানে এলাকা শান্ত। টহল চলছে। এখনও পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরাও শীঘ্রই ধরা পড়বে। 
স্থানীয় বাসিন্দা মহিমারঞ্জন রায় বলেন, ওই ঘটনার পর থেকে এখনও পর্যন্ত গ্রামবাসীরা আতঙ্কে। ভোটপট্টির গোডাউন মোড়ে রাস্তা অবরোধ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। আতঙ্কে অনেকে দোকানদারই এদিন দোকান খোলেননি। আরএক বাসিন্দা বাদল মণ্ডল বলেন, বাজারে ক্রেতা নেই। সেকারণে দোকান খোলেননি অনেকেই। সব্জি ব্যবসায়ী কার্তিক মণ্ডল বলেন, বুধবার দোকান বন্ধ ছিল। তাই এদিন কম দামে কাঁচাসব্জি বিক্রি করে দিয়েছি।
সম্পর্কিত সংবাদ