সংবাদদাতা, পতিরাম: সর্ষে খেত থেকে ফেরার পথে নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টা এক যুবকের। চিৎকার শুনে ছুটে আসেন মা। ঘটনার প্রতিবাদ করায় মাকে চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় স্থানীয়রা ছুটে এসে ওই যুবককে ধরে ফেলেন। এরপরে যুবককেও মারধর করে একটি পোলের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে পুলিস গিয়ে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এনিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাটের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের একটি সীমান্ত গ্রামে।
Advertisement
পুলিস সূত্রে খবর, ধৃত যুবকের নাম মিলন পাহান। বাড়ি ওই এলাকাতেই। দীর্ঘদিন ধরেই সে সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে ইভটিজিং করত। বৃহস্পতিবার বিকেলে সে তার মায়ের সঙ্গে সর্ষে খেতে গিয়েছিল। বিকেলে ওই নাবালিকার মা সর্ষে খেত থেকে বাড়ি ফিরছিল। তার পিছন পিছন আসছিল তাঁর মেয়ে। এমন সময় রাস্তায় ফাঁকা জায়গায় নাবালিকার পথ আটকায় ওই যুবক। এরপর তাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। মেয়ের চিৎকার শুনেই মা ফিরে আসে। এরপর প্রতিবাদ করলে ওই যুবক উল্টে নাবালিকার মাকে মারধর করে। রাস্তায় ফেলে মারধর করায় বাসিন্দারা ছুটে আসেন। এরপর ওই যুবককে ধরে স্থানীয়রা মারধর করেন। নাবালিকার মা বলেন, ওই যুবককে চিনি না। আমার মেয়ের সঙ্গে খারাপ আচরণের প্রতিবাদ করেছিলাম। তারপর সে আমাকে মারধর করে। সবাই এসে আমাদের উদ্ধার করে। তাকে আটকে রাখা হয়। তার শাস্তির দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এবিষয়ে বালুঘাট সদর ডিএসপি বিক্রম প্রসাদ বলেন, অভিযোগ পেতেই পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।



