Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভূতনিতে গাছে ঝুলন্ত দেহ, খুনের অভিযোগ পরিবারের

ভূতনিতে গাছে ঝুলন্ত দেহ, খুনের অভিযোগ পরিবারের
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানিকচক: মঙ্গলবার সাতসকালে ভূতনির শংকরটোলায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে শোরগোল। মৃত বিজয় মণ্ডল (৪৫) শংকরটোলা গ্রামের বাসিন্দা। আপাতদৃষ্টিতে আত্মহত্যা বলে মনে হলেও পরিবারের অভিযোগ, খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। পরিবার ও পুলিস সূত্রে জানা গিয়েছে,দিনমজুর বিজয়ের পরিবারে স্ত্রী ছাড়াও রয়েছে তিন মেয়ে। সোমবার বিকেলে তিন ব্যক্তি বিজয়ের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে আসেন। গল্প করার পর সন্ধ্যায় সেই ব্যক্তিদের সঙ্গেই বেরিয়ে যান বিজয়। রাত বাড়তে থাকলেও বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন তাঁর স্ত্রী পিঙ্কি। রাত ন’টা নাগাদ ফোন করলে বিজয় জানান বাড়ির পাশেই রয়েছি। সেটাই স্বামীর সঙ্গে পিঙ্কির শেষ কথা। তারপরও বিজয় বাড়ি না ফেরায় ফোন করেন স্ত্রী। কিন্তু এবার মোবাইল সুইচড অফ থাকায় চিন্তিত হয়ে পড়েন তিনি। রাতে বাড়ির আশেপাশে খোঁজ করলেও বিজয়ের হদিশ পাননি পিঙ্কি। সকালে গ্রামবাসীরা পিঙ্কিকে খবর দেন আমবাগানে বিজয়ের দেহ ঝুলছে।  মৃতদেহ দেখে সন্দেহ হওয়ায় খুনের অভিযোগ করেছেন মৃতের দাদা রতন মণ্ডল। তিনি বলেন, ভাইয়ের শরীরে ক্ষতচিহ্ন না থাকলেও কাদা লেগে ছিল। ঘটনাস্থলে যে ঘড়ি পাওয়া গিয়েছে সেটিও ভাইয়ের নয়। ওসি পবিত্র মাহাতো বলেন, মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ