সংবাদদাতা, কুমারগ্রাম: ভুটানে তৈরি মদ ও বিয়ার নিয়ে ভারতে ঢুকে গ্রেপ্তার হলেন দু’জন। আবগারি দপ্তর ও এসএসবি যৌথভাবে অভিযান চালিয়ে মদ পাচারের সময় দু’জনকে হাতেনাতে ধরে ফেলে। বাজেয়াপ্ত করা হয়েছে ১৪ বোতল ভুটানে তৈরি বিয়ার এবং ১৫ বোতল ভুটানে তৈরি মদ। এছাড়াও দু›টি বাইক বাজেয়াপ্ত করা হয়। রবিবার আবগারি দপ্তরের কুমারগ্রাম সার্কেলের আধিকারিক-কর্মীরা এসএসবির কালীখোলা বিওপি›র জওয়ানদের সঙ্গে নিয়ে ভারত-ভুটান সীমান্তের কুমারগ্রাম বনবস্তিতে নজরদারি চালাচ্ছিলেন। সেসময় দু›জন দু’টি বাইকে চেপে ভারতে ঢোকেন। দু’টি বাইকে তল্লাশি চালিয়ে ১৪ বোতল বিয়ার এবং ১৫ বোতল মদ বাজেয়াপ্ত করা হয়। গ্রেপ্তার করা হয় কুমারগ্রাম চা-বাগানের বাসিন্দা আগনু নাগ এবং নিউল্যান্ডস চা-বাগানের কালিচরণ মৃধাকে। আবগারি দপ্তর জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে রবিবার তাদেরকে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হয়।



