Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বহুতলগুলির অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখবে পুরসভা ও প্রশাসন

বহুতলগুলির অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখবে পুরসভা ও প্রশাসন
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বোলপুরের অগ্নিকাণ্ডের ঘটনা থেকে শিক্ষা! শহরের বহুতলগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে সিউড়ি পুরসভার তরফে ‘সারপ্রাইজ ভিজিট’ করা হবে। সেইসঙ্গে আগামীদিনে যাদবপুরের প্রতিনিধি দল আসার সম্ভাবনা রয়েছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থার পাশাপাশি নির্মাণ কাজের মানও যাচাই করা হবে। সেক্ষেত্রে অতি দ্রুত পুরসভা কর্তৃপক্ষ যাদবপুরে চিঠি পাঠাতে চলেছে। তার আগেই অবশ্য পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় সারপ্রাইজ ভিজিটে নামতে চলেছেন। অন্যদিকে, সিউড়ির মহকুমা শাসক সুপ্রতীক সিনহা তিন পুরসভা কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছেন। বোলপুরের পুনরাবৃত্তি এড়াতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আরও সুদৃঢ় করতে পুর কতৃপক্ষগুলির সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে গ্রামীণ এলাকার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। মহকুমা শাসক বলেন, গ্রীষ্ম আসন্ন। ইতিমধ্যে তিনটি পুরসভাকে চিঠি পাঠানো হয়েছে। প্রতিটি পুরসভাকেই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেইসঙ্গে সাধারণ মানুষকেও সচেতন করার কাজ চলবে।
Advertisement
রাজ্যের একাধিক জায়গায় বহুতল হেলে পড়ার ঘটনায় শোরগোল অব্যাহত।  তারই মাঝে সম্প্রতি বোলপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় দু’জনের মৃত্যু একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। এই আবহে সিউড়ি পুর কর্তৃপক্ষ আগাম সতর্কতা নিতে চলেছে। সিউড়ি মহকুমা কর্তৃপক্ষও পিছিয়ে থাকল না। ইতিমধ্যে মহকুমা শাসকের দপ্তরের তরফে সিউড়ি পুরসভা, দুবরাজপুর পুরসভা ও সাঁইথিয়া পুরসভায় চিঠি পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে কোন বিষয়গুলিতে বেশি জোর দিতে হবে, তা স্পষ্ট করা হয়েছে। সেক্ষেত্রে ওই চিঠিতেই মোট ন’টি বিষয় তুলে ধরা হয়েছে। অন্যদিকে, আগামীতে পুরসভার চেয়ারম্যান সহ বিডিওদের নিয়ে মহকুমা শাসক বৈঠকে বসতে চলেছেন। সেই বৈঠকে দমকল কর্তৃপক্ষের আধিকারিকেরাও উপস্থিত থাকবেন। অগ্নিকাণ্ড এড়াতে আর কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত তা নিয়ে সবিস্তার আলোচনা করা হবে।
একদিকে যখন মহকুমা প্রশাসন আসরে নেমেছে তখনই সিউড়ি পুরসভাও কোমর বেঁধে পথে নামছে। পুরসভার তরফে জানা গিয়েছে, অতি দ্রুত বহুতল নির্মাণ সংস্থাগুলিকেও চিঠি পাঠানো হবে। নির্মীয়মাণ বহুতলের কাজ ঠিকঠাক চলছে কিনা, তা যাচাই করা হবে। তৈরি হওয়া বহুতলগুলি কতটা সুরক্ষিত তা সরেজমিনে খতিয়ে দেখা হবে। অগ্নিকাণ্ডের মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থা রয়েছে কিনা, যাচাই করা হবে। এক্ষেত্রে পুরসভার চেয়ারম্যান নিজেই মাঠে নামতে চলেছেন। একেবারে গ্রাউন্ড জিরোয় পৌঁছে গিয়ে তিনি সমস্ত কিছু খতিয়ে দেখবেন। পুরসভার চেয়ারম্যান বলেন, আমি নিজে সমস্ত কিছু খতিয়ে দেখব। এছাড়াও যাদবপুরের প্রতিনিধি দলকে আসার অনুরোধ জানিয়ে দ্রুত চিঠি পাঠানো হবে। কোনও বহুতল নির্মাণের ক্ষেত্রে গাফিলতি নজরে এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ