Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভুটভুটির ধাক্কায় মৃত্যু চতুর্থ শ্রেণির ছাত্রীর

ভুটভুটির ধাক্কায় মৃত্যু চতুর্থ শ্রেণির ছাত্রীর
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, শীতলকুচি: স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হল। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে পশ্চিম শীতলকুচি গ্রামের ফুলবাড়ি চৌপথীতে। পুলিস জানিয়েছে, মৃতের নাম পল্লবী বর্মন(১০)। মৃতের বাবা বিমল বর্মন এবং বোন জখম হয়েছে। তাঁরা পশ্চিম শীতলকুচি গ্রামের ফুলবাড়ি চৌপথী সংলগ্ন এলাকার বাসিন্দা। বর্তমানে এই দু’জন কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। মৃত ছাত্রী শীতলকুচি বাজারে একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করত। নাবালিকার মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ভুটভুটি চালকদের একাংশের দাপাদাপি বন্ধের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। 
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন স্কুল ছুটির পর বাবা, মা ও বোনের সঙ্গে বাইকে চেপে বাড়ি ফিরছিল পল্লবী। পথে একটি টোটোকে ওভারটেক করতে গিয়ে ইট বোঝাই ভুটভুটির সঙ্গে বাইকটির সংঘর্ষ হয়। মাথায় গুরুতর আঘাত পায় পল্লবী। বাকিরাও বাইক থেকে রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তড়িঘড়ি তাদের শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পল্লবীকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে যায় পুলিসে। দ্রুত এসে ঘটনাস্থল থেকে ইট বোঝাই ভুটভুটিটিকে আটক করে থানায় নিয়ে আসে পুলিস। 
এদিকে, পল্লবীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন আত্মীয় পরিজনরা। পৌঁছন তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপনকুমার গুহ, শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো ও পুলিস কর্তারা। দেহটি ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠিয়েছে পুলিস। এদিন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তপনকুমার গুহ জানান, দুর্ঘটনায় ছাত্রীটি প্রাণ হারিয়েছে। এই কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। মৃতের পরিবারকে সমবেদনা জানাই। 
এদিকে ভুটভুটির অবাধ চলাচলের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয়রা। আইনের তোয়াক্কা না করেই রীতিমতো দাপিয়ে বেরাচ্ছে গাড়িগুলি। কখনও যাত্রী, কখনও ইট। দ্রুত গতিতে ছুটে চলা এই গাড়িগুলি প্রায়ই বিপদের কারণ হয়ে উঠছে। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সম্পর্কিত সংবাদ