Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেহাত হওয়া জমি পুনরুদ্ধারে উদ্যোগী হল কালনা পুরসভা

বেহাত হওয়া জমি পুনরুদ্ধারে উদ্যোগী হল কালনা পুরসভা
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: কালনা পুর এলাকার উন্নয়নে মিলছে না জমি। তাই বেহাত হয়ে যাওয়া পুরসভার জমি পুনরুদ্ধারে উদ্যোগী হয়েছে পুর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এসটিকেকে রোড সংলগ্ন বারুইপাড়া এলাকায় এমনই একটি বেহাত হওয়া সম্পত্তি মাপজোক শুরু করেছে পুরসভা। এদিন উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত, এক্সিটিভ অফিসার মহম্মদ নুর আলম, কাউন্সিলার অনিল বসু, কল্পনা বসু ও কালনা-২ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা।
Advertisement
কালনা পুরসভার মধ্যস্থলে রয়েছে প্রাচীন স্থাপত্য মন্দিরময় রাজবাড়ি চত্বর। সারা বছর দেশ-বিদেশের বহু পর্যটক কালনায় আসেন। অথচ সরকারি উদ্যোগে নেই তেমন ভালো গেস্ট হাউস। কালনা পুরসভা এই বিষয়ে উদ্যোগ নিলেও জায়গার অভাবে তা বাস্তবায়িত করতে পারছে না। শহরের বিভিন্ন প্রান্তে রয়েছে পুরসভার বেশকিছু সম্পত্তি। যা বর্তমানে বেদখল হয়ে আছে। এবার সেই বেদখল হয়ে যাওয়া সম্পত্তি পুনরুদ্ধারে নেমেছে পুর কর্তৃপক্ষ। কালনা এসটিকেকে রোডের ধারে ৭ নম্বর ওয়ার্ডের বারুইপাড়া এলাকায় ৪১ শতক জায়গা রয়েছে পুরসভার। কিন্তু এদিন পুর আধিকারিকরা দেখেন, পুরসভার জায়গার অধিকাংশ একটি পেট্রল পাম্প দখল করে রয়েছে। পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত বলেন, উন্নয়ন করার জন্য পুরসভার হাতে তেমন কোনও জায়গা নেই। পুরসভার তথ্য বলছে শহরের বিভিন্ন এলাকায় পুরসভার রেকর্ডে থাকা বেশকিছু জায়গা রয়েছে। যা বেদখল হয়ে আছে। যেখানে বড়সড় উন্নয়ন করা সম্ভব। বারুইপাড়া এলাকায় ওই জায়গা এদিন তা মাপজোক করা হয়েছে। পাম্পের তরফে মেজর চক্রবর্তী বলেন, বৈধ জায়গায় ৫০ বছরের বেশি সময় ধরে পেট্রল পাম্প চালু রয়েছে। যার দলিল রয়েছে। পাম্পের সামনে কিছুটা অংশ পিডব্লুডির রয়েছে বলে জানি। সাধারণত রাস্তার ধারে জায়গা থাকলে যা হয়। পুরসভার আধিকারিকরা বলছেন, প্রয়োজনে আইনি রাস্তায় যাব।
সম্পর্কিত সংবাদ