Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোট বিতর্কের মাঝেই জমা পড়া একটি প্যানেলকে মান্যতা

ভোট বিতর্কের মাঝেই জমা পড়া একটি প্যানেলকে মান্যতা
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মাথাভাঙা: বির্তকের মাঝেই জোরপাটকি কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হল তৃণমূল কংগ্রেস মনোনীত ছয় প্রার্থীকে। শুক্রবার জয়ীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। 
Advertisement
এই সমবায় সমিতির ভোট নিয়ে প্রথম থেকে বির্তক চলছে। ভোটার তালিকা প্রকাশ না করে চুপিসারে ভোটের দিনক্ষণ ঘোষনা করার অভিযোগে সমবায় সমিতির অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন কিছু সদস্য। তাঁদেরই কয়েকজন এনিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। এরমধ্যে এদিন মনোনয়ন জমা দেওয়া প্যানেলকে জয়ী ঘোষণা করা হয়েছে। জয়ী প্রার্থীরা জানিয়েছেন, কয়েকদিন পরে সাধারণ সভার মাধ্যমে পরিচালন কমিটির পদাধিকারী মনোনয়ন করা হবে। 
প্রসঙ্গত, জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের আমতলি বাজারে কৃষি উন্নয়ন সমবায় সমিতির অফিস। জোরপাটকির কাউয়ারডারা বাজারে সমিতির মিনিব্যাঙ্ক অফিসও রয়েছে। অভিযোগ, মূল অফিসের পরিবর্তে মিনিব্যাঙ্কে বসেই নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ করা হয়েছে। মূল অফিসে একটি নোটিস পর্যন্ত দেওয়া হয়নি। মনোনয়ন জমা দেওয়ার মুহূর্তেই সদস্যরা জানতে পারেন সমবায় সমিতিতে ভোট। অভিযোগ, তৃণমূলের একাংশ নেতার মদতে নির্বাচন সংক্রান্ত বিষয় গোপন রাখা হয়েছিল। নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে এরপরেই সদস্যদের একাংশ আদালতের দ্বারস্থ হন। 
তৃণমূলের প্যানেলে এদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন কেশবচন্দ্র বর্মন, আইনুল হক, তরেন্দ্রনাথ বর্মন, বাবু বর্মন, লক্ষ্মীবালা বর্মন ও আলেয়া বেওয়া। এরমধ্যে কেশবচন্দ্র বর্মন জোরপাটকি অঞ্চল তৃণমূলের সভাপতি ও মাথাভাঙা-১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। অভিযোগ, কেশববাবুর আঙ্গুলি হেলনেই নির্বাচন সংক্রান্ত কাজ চুপিসারে করা হয়েছে। এ ব্যাপারে কেশববাবু বলেন, ভোট নিয়ে কারচুপির অভিযোগ ভিত্তিহীন। এখনও মিনিব্যাঙ্কের সামনে একাধিক নোটিস লাগানো রয়েছে। রীতিমতো সদস্যদের নিয়ে সভা করে ভোটের বিষয়টি জানানো হয়েছে। ভোটে যে কেউ অংশগ্রহণ করতে পারতেন। জিততে পারবে না জেনে বিভ্রান্ত করতে আদালতে গিয়েছেন কয়েকজন। আধিকারিকরা সমস্ত দিক বিবেচনা করেই আমাদের জয়ী ঘোষণা করেছেন। এলাকার কৃষকদের উন্নয়নে সমবায় সমিতি যাতে কাজ করতে পারে সেব্যাপারে সহায়তা করব। 
মাথাভাঙার কো-অপরেটিভ ব্যাঙ্কের ইন্সপেক্টর পাসং টেম্বা শেরপা বলেন, নিয়ম মেনে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ভোটে একটিই প্যানেল জমা পড়েছে। অন্য কেউ অংশগ্রহণ না করায় ওই প্যানেলের ছ’জনকে আমরা জয়ী ঘোষণা করেছি। আদালত থেকে আমাদের কাছে নির্বাচন সংক্রান্ত তথ্য জানতে চেয়েছে, আমরা সেই সব তথ্য আদালতকে জানাব। জয়ী সদস্যরা পরবর্তীতে সভা করে পদাধিকারী মনোনীত করবেন। 
সম্পর্কিত সংবাদ