Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভূতুড়ে ভোটার আটকতে বুথ লেভেল এজেন্টদের প্রশিক্ষণ দেবে শাসকদল

ভূতুড়ে ভোটার আটকতে বুথ লেভেল এজেন্টদের প্রশিক্ষণ দেবে শাসকদল
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: ভোটার তালিকায় ভূতুড়ে ভোটারের ‘অনুপ্রবেশ’ নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। ভূতুড়ে ভোটার আটকাতে নবান্ন থেকে জেলাশাসকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে এবার আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বুথ লেভেল এজেন্টদের (বিএলএ) নিয়ে ব্লক ভিত্তিক কর্মশালা করবে। রবিবার দলের জেলা কমিটির সেই বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। 
Advertisement
এদিন শহরে জেলা পার্টি অফিসে তৃণমূলের জেলা কমিটির বৈঠক হয়। বৈঠকে দলের জেলা কমিটির সর্বস্তরের নেতারা উপস্থিত ছিলেন। সেখানেই ভোটার তালিকায় বিজেপির ভূতুড়ে ভোটার ঢোকা ও কারচুপি আটকাতে দলের বিএলএ’দের নিয়ে কর্মশালা করার পরিকল্পনা নিয়েছে শাসকদল। 
তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক বলেন, ছাব্বিশের ভোটে জিততে বিজেপি ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার ঢোকানোর চেষ্টা করছে। বিজেপির এই অপচেষ্টা রুখতে দলের বিএলএ’দের প্রশিক্ষণ দিতেই ব্লক ভিত্তিক কর্মশালা করার সিদ্ধান্ত নেওয়া হল। তৃণমূলের রাজ্য সম্পাদক তথা প্রাক্তন জেলা সভাপতি মৃদুল গোস্বামী বলেন, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই দলের বিএলএ’দের প্রশিক্ষণ দেওয়া হবে কর্মশালায়। 
কবে হবে তৃণমূলের বিএলএ’দের এই কর্মশালা? এদিন জেলার বৈঠকে তার দিনক্ষণ ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে দলের জেলা সভাপতির উপর। তবে তৃণমূল সূত্রে খবর, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে এই ব্লক ভিত্তিক কর্মশালাগুলি হওয়ার সম্ভবনা আছে। 
আলিপুরদুয়ার ও ফালাকাটা দুই টাউন কমিটি নিয়ে জেলায় তৃণমূলের আটটি সাংগঠনিক ব্লক। বিএলএ’দের নিয়ে এই ব্লক ভিত্তিক কর্মশালাগুলিতে তৃণমূলের ব্লক ও অঞ্চল নেতৃত্বও উপস্থিত থাকবে। বিজেপি যাতে ভূতুড়ে ভোটারের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করতে না পারে তারজন্য দলের বিএলএ’দের নিয়মিত ভোটার তালিকা নিয়ে স্ক্রুটিনি করার নির্দেশ দেওয়া হবে। ভোটার তালিকা হাতে নিয়ে বাড়ি বাড়ি গিয়েও স্ক্রুটিনি করার নির্দেশ দেওয়া হবে দলের দায়িত্ব পাওয়া বিএলএ’দের। ব্লক বা জেলা নির্বাচন দপ্তরে গিয়ে কীভাবে ভুয়ো ভোটারের নাম কাটাতে হবে কর্মশালায় বিএলএ’দের সেই প্রশিক্ষণও দেবে তৃণমূল নেতৃত্ব। 
অন্যদিকে, বিজেপির জাতীয় পরিষদের সদস্য তথা প্রাক্তন জেলা সভাপতি গুণধর দাস বলেন, পশ্চিমবঙ্গে ১৬ লক্ষ ভুয়ো ভোটার বেরিয়েছে। রাজ্যে ক্ষমতায় আছে তৃণমূল। তারা এখন নিজেদের দোষ ঢাকতে বিজেপিকে অপবাদ দিচ্ছে। মানুষ সময় হলেই জবাব দেবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ