Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভ্রাতৃত্ববোধকে সুদৃঢ় করতে করিমপুরে ক্রিকেট টুর্নামেন্ট, উদ্দীপনা এলাকায়

ভ্রাতৃত্ববোধকে সুদৃঢ় করতে করিমপুরে ক্রিকেট টুর্নামেন্ট, উদ্দীপনা এলাকায়
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, করিমপুর: লক্ষ্য গ্রামের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করা। তার জন্য আয়োজন করা হল আটদলীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। করিমপুর-১ ব্লকের কুচাইডাঙা-তকিপুর গ্রামের এই টুর্নামেন্ট ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা যায়। হোগলবেড়িয়া থানার উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে সেই অনুষ্ঠানের উদ্বোধন করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তিনি পিচে দাঁড়িয়ে ব্যটও করেন। এদিন প্রতিযোগিতা দেখতে বহু মানুষ ভিড় করে। সকল ধর্ম বর্ণের মানুষ এই অনুষ্ঠানে যোগ দেয়।
Advertisement
মহুয়া বলেন, কুচাইডাঙা তকিপুর গ্রামবাসীদের তরফে সম্প্রীতি কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হল। এর ফলে গ্রামের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সুন্দর পরিবেশ তৈরি হবে। খুব সুন্দরভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার উত্তম ঘোষ, তেহট্টের এসডিপিও শুভতোষ সরকার, করিমপুর-১ বিডিও দেবদত্ত চক্রবর্তী প্রমুখ। কুচাইডাঙা গ্রামের প্রবীর বিশ্বাস বলেন, এই গ্রামে আমরা দীর্ঘদিন ধরে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বাস করি। সকলের মধ্যে যাতে মেলবন্ধন অটুট থাকে সেই উদ্দেশ্যেই এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। খেলার আয়োজনে পুলিসের ভূমিকা উল্লেখযোগ্য।  আয়োজকদের পক্ষে রফিক খান বলেন, নদীয়া ও মুর্শিদাবাদের আটটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। মূলত গ্রামের মানুষের মধ্যে সম্পর্ক যাতে অটুট থাকে সেই উদ্দেশ্যে হোগলবাড়িয়া থানার বড়বাবুর নেতৃত্বে এই খেলার আয়োজন করা হয়েছে। গ্রামের সকল মানুষ সহযোগিতা করছে। তেহট্টের এসডিপিও শুভতোষ সরকার বলেন, এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে গ্রামবাসীদের এই উদ্যোগ প্রশংসনীয়।
সম্পর্কিত সংবাদ