সংবাদদাতা, কান্দি: নিয়ম বহির্ভূতভাবে স্কুলের পুরনো বই ও খাতা বিক্রি বন্ধ করলেন বাসিন্দারা। শনিবার সকালে ভরতপুর-১ ব্লকের ভরতপুর আলিয়া উচ্চ বিদ্যালয়ের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে পুলিস পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা ১১টা নাগাদ একজন স্কুলে পুরনো বই খাতা কেনার জন্য আসেন। বই ও খাতা নিয়ে যাওয়ার জন্য তিনি একটি পিকআপ ভ্যানও সঙ্গে এনেছিলেন। তিনি এর আগেও স্কুল থেকে নিয়ম বহির্ভূতভাবে পুরনো বই ও খাতা কিনে নিয়ে গিয়েছেন বলে অভিযোগ। এদিন ওই ব্যবসায়ীকে ফের দেখতে পেয়ে বাসিন্দারা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা জুড়ে দেন। ঘটনাস্থলে পৌঁছন ভরতপুর পঞ্চায়েত প্রধানের স্বামী কালীকুমার মণ্ডল। তিনি বলেন, নিয়ম বহির্ভূতভাবে বই খাতা বিক্রির চেষ্টা করা হচ্ছিল। তা আটকে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা তথা প্রাক্তন পঞ্চায়েত সদস্য আনোয়ার আলি বলেন, স্কুলের পুরনো বই ও খাতা বিক্রির জন্য কোনও নোটিস বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। স্কুল কর্তৃপক্ষ গোপনে এসব বিক্রি করে দিচ্ছিল। সেটা জানতে পেরে আমরা আটকে দিয়েছি।



