Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভরতপুর থেকে আর ভোটে লড়তে চান না হুমায়ুন

ভরতপুর থেকে আর ভোটে লড়তে চান না হুমায়ুন
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: ৬৯ নম্বর ভরতপুর বিধানসভা থেকে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বিধায়ক হুমায়ুন কবীর। ২০২৬-এর বিধানসভায় তিনি অন্য কোথাও প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন। মঙ্গলবার তিনি সংবাদ মাধ্যমকে একথা পরিষ্কার জানিয়েছেন। মানুষের জন্য কাজ করা দলের স্থানীয় নেতৃত্বের একাংশ ভালো মনে নেন না বলে তাঁর দাবি। অনেকে রাজনীতিকে ব্যক্তিগত স্বার্থে বা ব্যবসায় পরিণত করতে চাইছেন। এটাই তাঁর অভিমান।
Advertisement
প্রসঙ্গত, ২০২১ এর বিধানসভা ভোটে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর পেয়েছিলেন ৯৬ হাজার ২২৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির ইমনকল্যাণ মুখোপাধ্যায় পেয়েছিলেন ৫৩ হাজার ১৪৩ ভোট। হুমায়ুন সাহেব প্রাপ্ত ভোটের ৫০.৯০ ভোট পেয়েছিলেন। কিন্তু প্রায় ৪৩ হজার ভোটে জয়ী হওয়ার পরেও এদিন বিধায়ক জানিয়েছেন, ভরতপুর বিধানসভা থেকে ভোটে আর তিনি লড়বেন না।
বিধায়ক বলেন, এখানে স্থানীয় নেতৃত্বের অনেকে বিশৃঙ্খলা শুরু করেছেন। তাঁরা ব্যক্তিগত স্বার্থকে বড় করে দেখতে চাইছেন। যাঁরা এই পরিবেশ, পরিস্থিতি তৈরি করেছেন তাঁদের সঙ্গে আর কোনও সম্পর্ক নেই। ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচন থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, আমাকে দলীয় নেত্রী ২০২১-এর ভোটে এখানে মনোনীত করেছিলেন। তাই এলাকার সাধারণ মানুষ ও ভোটারদের কাছে আমি ঋণি যে, তাঁরা দিদির সম্মান রেখেছেন। আমি এলাকার প্রতিটি মানুষের কাছে দায়বদ্ধ। কিন্তু এখানে যাঁরা লিডারশিপ, তাঁদের সঙ্গে আগামীতে কোনও অবস্থাতেই সমঝোতা করব না। একথা আমি সকলের সামনেই বলছি। দলের সর্বোচ্চ নেত্রীকেও জানিয়েছি। আমি নেত্রীকে বলেছি, আমার দাঁড়ানোর মতো অনেক জায়গা আছে। আপনি যেখানে বলবেন সেখানেই ভোটে দাঁড়াব। কিন্তু ভরতপুর বিধানসভা থেকে আমাকে অব্যহতি দেন। তবে নেত্রী ভরতপুরে যাঁকে দাঁড় করাবেন তাঁর প্রচারে আমি আসব। আমি এখানে ব্যবসা করতে আসিনি। এখানে মানুষের সেবা করতে এসেছি। তাই নেত্রীর কাছে করজোড়ে আবেদন করেছি, ভরতপুর থেকে যেন আমাকে অব্যহতি দেওয়া হয়।
সম্পর্কিত সংবাদ